কোচ বরখাস্তের পর এবার ডাক্তারের ডিগ্রি নিয়ে হুলুস্থুল! চরম সংকটে সেনেগাল ফুটবল
এই তথ্য জানার পর বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়দের একাংশ চিকিৎসা সহায়তা নিয়ে অনিশ্চয়তায় ভুগতে শুরু করে
Truth of Bengal: বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন বিতর্কে পড়েছে সেনেগাল ফুটবল। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল দাবি করেছেন, জাতীয় দলের চিকিৎসক আবদেরাহমানে ফেদিওরে স্ত্রীরোগবিদ্যায় প্রশিক্ষণ নিয়েছিলেন। এই তথ্য জানার পর বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়দের একাংশ চিকিৎসা সহায়তা নিয়ে অনিশ্চয়তায় ভুগতে শুরু করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সাংবাদিক সম্মেলনে আবদুলায়ে ফল জানান, টুর্নামেন্টের শেষ দিকে বিষয়টি তাঁর নজরে আসে। খেলোয়াড়দের প্রতিক্রিয়া থেকে তিনি বুঝতে পারেন, চিকিৎসকের ওপর তাঁদের আস্থা যথেষ্ট ছিল না। সেই কারণেই দলের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অতিরিক্ত বিশেষজ্ঞ আনা হয়। তাঁর মতে, ফুটবলের আগে খেলোয়াড়দের স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেনেগালের ক্রীড়া চিকিৎসা সমিতি। তাদের ভাষায়, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর। সমিতি জানায়, আবদেরাহমানে ফেদিওরে শেইখ আন্তা দিয়প বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে ক্রীড়া চিকিৎসা ও ক্রীড়া জীববিজ্ঞানে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেছেন।
সমিতির দাবি, ফেদিওরে আগে ফান হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি সেনেগাল জাতীয় দলের চিকিৎসক হিসাবে কাজ করছেন। এই সময়ে তিনি ৩টি ফিফা বিশ্বকাপ এবং ৫টি আফ্রিকা কাপ অব নেশনস টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন। এই বিতর্কের মধ্যেই কয়েক দিন আগে প্রধান কোচ পাপ বুনা থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তাঁর অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত ছিল সেনেগাল এবং মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের খেতাবও জিতেছিল দলটি।
তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ‘লায়ন্স অব তেরাঙ্গা’। প্রথম দুই গ্রুপ ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে যায় তারা। পরে ইরাককে ৫-০ গোলে হারিয়ে শেষ ৩২-এ উঠলেও অতিরিক্ত সময়ে বেলজিয়ামের কাছে ২-৩ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়। ২০০২ বিশ্বকাপে সেনেগালের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল দলে ছিলেন পাপ বুনা থিয়াও। গত শনিবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি ফেডারেশন। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনস এবং ২০৩০ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছে সেনেগাল।


