চিন্নাস্বামী নয়,আইপিএল ২০২৬-এ হোমগ্রাউন্ড বদল করতে চলেছে আরসিবি
ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, আগামী মরশুমে চিন্নাস্বামীতে আর কোনও ম্যাচ খেলবে না বিরাট কোহলির দল।
Truth Of Bengal: আইপিএল ২০২৬ শুরু হতে আর মাস দু’য়েক বাকি থাকলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোমগ্রাউন্ড নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কর্নাটক সরকার শর্তসাপেক্ষে ছাড়পত্র দিলেও এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজন করতে আগ্রহী হলেও, সেই ‘অভিশপ্ত’ মাঠে ফিরতে একেবারেই রাজি নয় আরসিবি। ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, আগামী মরশুমে চিন্নাস্বামীতে আর কোনও ম্যাচ খেলবে না বিরাট কোহলির দল।
২০২৫ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবির বিজয়োৎসব ঘিরেই চিন্নাস্বামীতে বিপর্যয় নেমে আসে। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের, আহত হন অন্তত ৪৭ জন। ঘটনার পর স্বতঃপ্রণোদিতভাবে কর্নাটক হাই কোর্ট হস্তক্ষেপ করে। এরপর থেকেই দায় কার—তা নিয়ে কর্নাটক সরকার ও কেসিএ-র মধ্যে শুরু হয় দড়ি টানাটানি। সেই ঘটনার পর কার্যত অঘোষিত নিষেধাজ্ঞার কবলে পড়ে চিন্নাস্বামী। আইপিএল তো দূরের কথা, মহিলা বিশ্বকাপ ও বিজয় হাজারে ট্রফির ম্যাচও শেষ মুহূর্তে সরিয়ে নেওয়া হয়।
যদিও সম্প্রতি রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জোর দিয়ে বলেছেন, আইপিএলের ম্যাচ বেঙ্গালুরু থেকে সরবে না। কিন্তু বাস্তবে আরসিবি কর্তৃপক্ষ চিন্নাস্বামীতে খেলতে আর আগ্রহী নয়। গত বছরের মর্মান্তিক ঘটনার পর গোটা কর্নাটকে ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে তারা। তার উপর পুরো ঘটনার দায় যেভাবে আরসিবির ঘাড়ে চাপানোর চেষ্টা হয়েছে, তাতেও ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তারা। ফলে নতুন হোমগ্রাউন্ডেই যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।প্রথমে পুণের এমসিএ স্টেডিয়ামকে ঘরের মাঠ করার কথা ভাবা হয়েছিল। সেই নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত পুণেতে রাজস্থান রয়্যালস খেলতে পারে বলেই আরসিবি সেখান থেকে সরে আসে। বর্তমানে সবচেয়ে এগিয়ে ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়াম। আধুনিক পরিকাঠামো ও সুযোগসুবিধা আরসিবি কর্তাদের পছন্দ হয়েছে বলে জানা যাচ্ছে। ইদানীং এই স্টেডিয়ামে বিভিন্ন প্রদর্শনী ও অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের লিগের ম্যাচও আয়োজন করা হচ্ছে।
রায়পুরের পাশাপাশি মধ্যপ্রদেশের ইনদওরের নামও আলোচনায় রয়েছে। তবে সূত্রের দাবি, দৌড়ে রায়পুরই এগিয়ে। অন্যদিকে, পুণের এমসিএ স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আরসিবির থেকে এগিয়ে রাজস্থান রয়্যালস। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রয়্যালস ম্যানেজমেন্টের দীর্ঘদিনের বিবাদের জেরেই নাকি সোয়াই মানসিংহ স্টেডিয়াম ছাড়তে চাইছে তারা। যদিও এখনও এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।সব মিলিয়ে, চিন্নাস্বামীতে ফেরার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে আরসিবির। আইপিএল ২০২৬-এ বেঙ্গালুরুর ঘরের ম্যাচের ঠিকানা বদল যে এখন প্রায় নিশ্চিত, সেটাই ইঙ্গিত দিচ্ছে ফ্র্যাঞ্চাইজির অন্দরমহল।






