আন্তর্জাতিক

হরমুজে নয়া অভিযান শুরু ট্রাম্পের

ট্রাম্প জানান, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংঘাতে সরাসরি যুক্ত নয় এমন একাধিক দেশ আমেরিকার কাছে সাহায্য চেয়েছে।

Truth of Bengal: হরমুজ প্রণালীতে আটকে থাকা বিভিন্ন দেশের জাহাজগুলিকে নিরাপদে বের করে আনার দায়িত্ব নিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা করেন। একইসঙ্গে তিনি নতুন এক অভিযানের কথাও জানান, যার নাম রাখা হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’ (স্বাধীনতা অভিযান)।

ট্রাম্প জানান, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংঘাতে সরাসরি যুক্ত নয় এমন একাধিক দেশ আমেরিকার কাছে সাহায্য চেয়েছে। ওই দেশগুলির জাহাজগুলি বর্তমানে গুরুত্বপূর্ণ নৌ-চলাচল করিডর হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। ট্রাম্প দাবি করেন, ওই জাহাজগুলির নাবিকরা ‘নিরপেক্ষ এবং নিরীহ দর্শক’। তাঁদের নিরাপত্তা এবং স্বাভাবিক নৌ-চলাচল ফের চালু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল থেকে (পশ্চিম এশিয়ার সময়) এই অভিযান শুরু হয়। তিনি জানান, আটকে থাকা জাহাজগুলি যাতে স্বাধীনভাবে এবং দক্ষতার সঙ্গে তাদের কাজ চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতে আমেরিকা তাদের হরমুজের জলসীমা থেকে নিরাপদে বের করে আনবে। ট্রাম্পের বক্তব্য, এটি একটি মানবিক প্রচেষ্টা। তাঁর দাবি, বহু জাহাজে থাকা নাবিকদের জন্য খাদ্য ও অত্যাবশ্যকীয় সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি মেটানো এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’-এ কেউ হস্তক্ষেপ করলে আমেরিকা কঠোর জবাব দেবে। তবে তিনি জানান, মার্কিন কর্তাদের সঙ্গে ইরানের আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। এরপর দীর্ঘদিন ধরে সংঘাত চলতে থাকায় হরমুজ প্রণালীতে পণ্য পরিবহণ ব্যাহত হয়। যার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। জ্বালানি সঙ্কট ক্রমশ তীব্র হয়েছে এবং বহু দেশের জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

Related Articles