উৎসবের ভিড়ে রক্তাক্ত টরন্টো, প্রকাশ্যে গুলিতে নিহত একাধিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৮টা ১২ মিনিটে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে চলছিল বার্ষিক ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসব।
Truth of Bengal: কানাডার টরন্টো শহরে উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে। জনপ্রিয় ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসব চলাকালীন প্রকাশ্য রাস্তায় গুলির ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর আততায়ীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে টরন্টো পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৮টা ১২ মিনিটে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে চলছিল বার্ষিক ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসব। প্রায় ১৩ হাজার মানুষের উপস্থিতিতে চলা এই অনুষ্ঠানের মাঝেই আচমকা গুলির শব্দে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। প্রথমে সক্রিয় বন্দুকবাজের খবর পেলেও পরে তদন্তে জানা যায়, দুই ব্যক্তির মধ্যে গোলাগুলির ঘটনাই এই রক্তক্ষয়ের কারণ। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গুলি চলার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মোট আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাঁদের মধ্যে দু’জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনের শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
টরন্টো পুলিশের ডেপুটি চিফ ফ্রান্সিসকো বারেডো জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল। এই ঘটনার সঙ্গে যুক্ত তিনটি পৃথক অপরাধস্থল চিহ্নিত করে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে। স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মিডটাউন টরন্টোর সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ জুড়ে প্রতি বছর আয়োজিত হয় লাতিন সংস্কৃতির অন্যতম জনপ্রিয় উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’। এবারের আসর ছিল উৎসবটির ২২তম বর্ষ। গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর সেই আয়োজন মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, গত বছরও টরন্টোর নর্থ ইয়র্ক সংলগ্ন লরেন্স হাইটস এলাকায় একই ধরনের গুলিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছিল।






