দেশ

বিজেপির ৩০ বছরের দুর্গে ধস! বাঁকিপুরে ঐতিহাসিক জয় প্রশান্ত কিশোরের

প্রার্থী বদলেও রক্ষা হলো না! বাঁকিপুর উপনির্বাচনে ১৮ হাজারেরও বেশি ভোটে জিতলেন প্রশান্ত কিশোর!

Truth of Bengal: বিহারের রাজনৈতিক অলিন্দে এক অভূতপূর্ব ইতিহাসের সূচনা করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। গত বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরতে হলেও, এবার বিজেপির দীর্ঘ ৩০ বছরের লালিত দুর্গে একাই ধস নামালেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন পিকে।

৩১ রাউন্ডের দীর্ঘ ভোট গণনার শেষে দেখা যায়, ১৮ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন প্রশান্ত কিশোর। তিনি মোট ৬৩,২০৩টি ভোট পেয়েছেন। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার পান ৪৪,২৫০টি ভোট। চরম ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে আরজেডি প্রার্থী রেখা কুমারীকেও, যিনি মাত্র ১৪,০৮৫টি ভোট পেয়ে জামানত খুইয়েছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর এই আসনটি ফাঁকা করে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নীতীন নবীন। ফলে ৩০ জুলাই এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শুরু থেকেই অবশ্য প্রার্থী নির্বাচন নিয়ে চরম অসন্তোষ ও নাটকীয়তা বজায় ছিল গেরুয়া শিবিরে। মনোনয়ন জমা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় অভিষেক বান্টিকে সরিয়ে নীরজ কুমার সিনহাকে টিকিটি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। তবে শেষমুহূর্তের এই রদবদলও কোনও কাজে আসেনি, তা আজকের ফলাফল স্পষ্ট করে দিল।

১৯৯৫ সাল থেকে এই কেন্দ্রে অক্ষত ছিল বিজেপির ক্ষমতা। তৎকালীন ‘পাটনা পশ্চিম’ আসনে ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন নীতীন নবীনের বাবা কিশোর প্রসাদ সিনহা। তাঁর প্রয়াণের পর ২০০৬ সালের উপনির্বাচনে জয়ী হন নীতীন নবীন নিজেই। তারপর থেকে বাঁকিপুর মানেই ছিল বিজেপির নিশ্চিত জয়।

২০২৫ সালের নভেম্বরে বিধানসভা নির্বাচনে ২৩৮টি আসনে লড়াই করেও একটিতেও জিততে পারেনি পিকের জন সুরাজ। সেই ধাক্কা সামলে উঠে একেবারে বিজেপির অপরাজেয় গড়ে পিকের এই জয়কে বিহারের রাজনীতির মোড় ঘোড়ানো মুহূর্ত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles