দিল্লি থেকে বার্তা দেবেন মোদি, বিজেপি অফিসে সাজ সাজ রব
এই জয়ের আবহেই আজ সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দপ্তরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Truth of Bengal: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই দেশজুড়ে গেরুয়া শিবিরের অন্দরে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিজেপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে বলে দাবি করছে দলীয় নেতৃত্ব। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিন রাজ্যের ফলাফল নিয়ে ইতিবাচক রেকর্ডের আশা প্রকাশ করেছিলেন, যা এখন গণনার শুরুর দিকে বাস্তবের রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জয়ের আবহেই আজ সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দপ্তরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে রাজধানীর বিজেপি সদর দপ্তরে এখন সাজো সাজো রব। দলের শীর্ষ স্তরের প্রায় সমস্ত নেতাই ইতিমধ্যে দিল্লিতে উপস্থিত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সদর দপ্তরে এক বিশাল জনসভার আয়োজন হতে পারে, যেখানে জয়ী কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। সকাল থেকেই সেখানে উৎসবের মেজাজ ধরা পড়েছে।
বিজয়োৎসবের আগাম প্রস্তুতি হিসেবে সকাল আটটা থেকেই সদর দপ্তরে কর্মীদের মধ্যে ব্যস্ততা ছিল তুঙ্গে। জিলিপি, পুরি এবং লাড্ডু তৈরির ধুম লেগেছে সেখানে। দিনভর উপস্থিত সমর্থকদের মিষ্টিমুখ করানোর জন্য এলাহি ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমবঙ্গকে এই নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়েছিল পদ্মশিবির, তাই সেখানকার প্রাথমিক ফলে উচ্ছ্বসিত নেতৃত্ব। পাশাপাশি অসমে টানা তৃতীয়বার এবং পুদুচেরিতে এনআর কংগ্রেসের সাথে জোটবদ্ধভাবে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। বেলা বাড়ার সাথে সাথে বাংলাতেও পদ্মের শক্তি বৃদ্ধির আভাস মেলায় সদর দপ্তরে সেলিব্রেশনের প্রস্তুতি আরও জোরালো হয়েছে।






