কলকাতারাজ্যের খবর

বেআইনি নির্মাণে কড়া অবস্থান রাজ্যের, বিল্ডিং প্ল্যানে বাধ্যতামূলক থার্ড পার্টি ছাড়পত্র

তদন্তে নিয়মবহির্ভূত নির্মাণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি

Truth of Bengal: বেআইনি নির্মাণ রুখতে এবং ভবিষ্যতে নিরাপদ নির্মাণ নিশ্চিত করতে একাধিক কঠোর পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নির্মিত বাড়ি নিয়ে কোনও অভিযোগ জমা পড়লে তা সরকার গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে। তদন্তে নিয়মবহির্ভূত নির্মাণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

সোমবার মন্ত্রী জানান, সাম্প্রতিক তারাতলা-কাণ্ড থেকে শিক্ষা নিয়েই বিল্ডিং প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে কোনও নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে বাইরের বিশেষজ্ঞ সংস্থা বা থার্ড পার্টি এজেন্সির প্রযুক্তিগত ছাড়পত্র ছাড়া বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংস্থার পরিষেবার সমস্ত ব্যয় বহন করবেন বাড়ি বা আবাসন নির্মাতারাই।

এছাড়াও বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, নগর পরিকল্পনাকে আরও সুশৃঙ্খল করা, বেআইনি নির্মাণে লাগাম টানা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য সরকারের আশা, নতুন বিধি কার্যকর হলে নির্মাণ ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এবং ভবিষ্যতে অনিয়মের সুযোগ অনেকটাই কমে আসবে।

Related Articles