জ*ঙ্গি হামিমের বন্ধু নাতি! ‘ও খারাপ কাজ করতেই পারে না’, আদিত্যর গ্রেফতারিতে কেঁদে ভাসালেন দিদিমা
অনলাইন গেমিং অ্যাপের বন্ধুত্ব থেকে সোজা জঙ্গি নেটওয়ার্ক? হাওড়ার কলেজ ছাত্রের কাণ্ডে হতবাক রাজ্য!
Truth of Bengal: অনলাইন গেম খেলতে গিয়ে জঙ্গি মগজধোলাইয়ের শিকার কলকাতার কলেজের এক ছাত্র! হাওড়ার বেলিলিয়াস রোডের একটি পাঁচতলা বাড়ির তিনতলার বাসিন্দা আদিত্য সিংকে এসটিএফ (Bengal STF) গ্রেফতার করতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। ধৃত আদিত্য জঙ্গি হামিম মণ্ডলের সহযোগী হিসেবে কাজ করছিল বলে তদন্তকারীদের দাবি। তবে নিজের হাতে ছোট থেকে বড় করা নাতির এমন ভয়ঙ্কর কীর্তির কথা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর বৃদ্ধা দিদিমা মীরা সিং। হাওড়ার থমথমে পরিবেশে এখন শুধুই কান্নার রোল।
কলকাতার একটি স্বনামধন্য কলেজের বি-কম শেষ বর্ষের ছাত্র আদিত্য। দিদিমা মীরা সিংয়ের দাবি, তাঁর নাতি অত্যন্ত শান্ত প্রকৃতির এবং সে কোনও খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। পুলিশ কেন তাকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল, তা তাঁদের বোধগম্যের বাইরে। ঘটনার বিবরণ দিয়ে মীরাদেবী জানান, শনিবার গভীর রাতে ১৫ থেকে ২০ জনের পুলিশ বাহিনী আচমকাই তাঁদের পুরো বাড়ি ঘিরে ফেলে। রাত ১২টা নাগাদ আদিত্যকে গ্রেফতার করার পাশাপাশি ঘরের সমস্ত কোণে তল্লাশি চালিয়ে তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে নিয়ে যায় এসটিএফ। পাড়ার প্রতিবেশীদের মতে, প্রায় ৩৫-৪০ বছর ধরে ওই পরিবারটি সেখানে বসবাস করছে এবং আদিত্য খুব একটা কারও সঙ্গে মিশত না হলেও তাকে দেখে কখনও সন্দেহ হয়নি। ঘটনার পর সোমবার সকালেও হাওড়া থানার পুলিশ গিয়ে পরিবারটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, একটি জনপ্রিয় গেমিং অ্যাপের মাধ্যমে ধৃত জঙ্গি প্রধান হামিম মণ্ডলের সঙ্গে আলাপ হয়েছিল আদিত্যের। খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের সম্পর্ক গভীর বন্ধুত্বে রূপ নেয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই তরুণ আদিত্যের মগজধোলাই সম্পন্ন করে হামিম। এরপর তাকে দেওয়া হয় এক বড় দায়িত্ব, পশ্চিমবঙ্গের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই ও তাঁর পুত্রের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর নির্দেশ পায় আদিত্য। মন্ত্রী ও তাঁর ছেলের গতিবিধি সম্পর্কিত গোপন তথ্য সে নিয়মিত হামিম এবং তাঁর বান্ধবী অর্পিতাকে পাচার করত।
এর আগে বর্ধমানের একটি জিম থেকে প্রধান অভিযুক্ত হামিম মণ্ডলকে এবং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাঁর বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করেই উঠে আসে হাওড়ার এই তরুণ বি-কম ছাত্রের নাম। এরপরই অভিযান চালিয়ে বেলিলিয়াস রোডের বাড়ি থেকে হাতকড়া পরানো হয় আদিত্যকে। সোমবার তাকে বর্ধমান আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে।






