হাতে ডমরু-ত্রিশূল, কপালে তিলক! মিউজিক ভিডিওতে এবার অভিনেতা দিলীপ ঘোষ
সোমবার উপলক্ষে ভাঙড়ের হাজরাকালি মন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘শঙ্করা’ নামের মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়
Truth of Bengal: হাতে ডমরু ও ত্রিশূল, কপালে তিলক। কখনও শিবের আরাধনা, কখনও আবার গানের তালে নাচ—একেবারে অন্য ভূমিকায় দেখা গেল মন্ত্রী দিলীপ ঘোষকে। ঝালমুড়ি নিয়ে গান গাওয়ার পর এবার শিবকে উৎসর্গ করে তৈরি একটি মিউজিক ভিডিওয় অভিনয় করলেন তিনি। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে ভাঙড়ের হাজরাকালি মন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘শঙ্করা’ নামের মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। প্রায় ৩ মিনিট ৭ সেকেন্ডের হিন্দি গানটির একাধিক দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। গানটি লিখেছেন ও গেয়েছেন চয়নিকা। ভিডিওতেও উপস্থিত রয়েছেন তিনি। মিউজিক ভিডিওয় দিলীপকে কখনও ডমরু বাজাতে, কখনও ত্রিশূল হাতে নাচতে দেখা যায়। শিবপুজোর একাধিক দৃশ্যেও অংশ নিয়েছেন মন্ত্রী।
সোমবার দিলীপ ঘোষের উপস্থিতিতেই হাজরাকালি মন্দির প্রাঙ্গণে ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার, গায়িকা চয়নিকা, বিজেপি নেতা অবনী মণ্ডল, সৌমি হাতি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।এদিন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে শিবের মাথায় জল ঢালেন দিলীপ। মিউজিক ভিডিওটি প্রকাশের পর মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে বসেই পুরো অ্যালবামটি দেখেন তিনি। রাজনৈতিক মঞ্চের পরিচিত নেতাকে অভিনেতার ভূমিকায় দেখে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ লক্ষ্য করা যায়। নিজের অভিনয় প্রসঙ্গে দিলীপ বলেন, “রাজনৈতিক নেতাদের আলাদা করে অভিনেতা হতে হয় না। পার্টি বলেছিল সভাপতি হতে, হয়েছি। বিধায়ক, সাংসদ ও মন্ত্রী হতেও বলেছিল, হয়েছি। কয়েক দিন আগে গান গাওয়ার চেষ্টা করেছি। মানুষের ভালো লাগলে তাঁরা গ্রহণ করবেন।”
তিনি আরও বলেন, “গায়কেরা ভাবেন আমি গায়ক, নেতারা ভাবেন আমি নেতা। রাজনৈতিক নেতারা সব সময়ই অভিনেতা। তাঁদের আলাদা করে অভিনয় করতে হয় না।” এর আগে ঝালমুড়ি নিয়ে একটি গান রেকর্ড করে চর্চায় এসেছিলেন দিলীপ ঘোষ। সেই রেকর্ডিংয়ের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার গান গাওয়ার পর অভিনয়েও হাতেখড়ি হল তাঁর। শিবকে উৎসর্গ করে তৈরি ‘শঙ্করা’ মিউজিক ভিডিও ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।






