রাজ্যের খবর

বিজেপির চতুর্থ তালিকায় বড় চমক! শান্তনু ঠাকুরের স্ত্রী ও কংগ্রেসত্যাগী সন্তোষ পাঠক পেলেন টিকিট

সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি এবং পাঁচলায় রঞ্জন কুমার পাল বিজেপির টিকিটে লড়বেন।

Truth Of Bengal: আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দফায় রাজ্যের আরও ১৩টি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এই তালিকায় বেশ কিছু চমকপ্রদ নাম উঠে এসেছে। বিশেষ নজর কেড়েছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র, যেখানে সদ্য কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠককে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের ওপর আস্থা রেখেছে দল। এছাড়া সিতাইয়ে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায়, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক এবং ফলতায় দেবাংশু পন্ডাকে নির্বাচনী লড়াইয়ে নামানো হয়েছে। সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি এবং পাঁচলায় রঞ্জন কুমার পাল বিজেপির টিকিটে লড়বেন।

দক্ষিণবঙ্গের পাশাপাশি মেদিনীপুর ও অন্যান্য জেলাতেও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রে পীযূষকান্তি দাস, গড়বেতায় প্রদীপ লোধা, মেমারিতে মানব গুহ এবং বাঁশদ্রোণীতে অরিজিৎ রায়ের নাম ঘোষণা করা হয়েছে। তবে এই তালিকায় একটি গুরুত্বপূর্ণ রদবদলও চোখে পড়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি কেন্দ্রে গত ১৯ মার্চ ঘোষিত প্রার্থী কৌশিক রায়ের বদলে ডালিম রায়ের নাম মঙ্গলবার ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। এই ১৩টি কেন্দ্রের নাম সামনে আসার পর বিজেপির আর মাত্র ৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল। এর আগে তিন দফায় যথাক্রমে ১৪৪, ১১২ এবং ১৯টি আসনের প্রার্থিতালিকা প্রকাশ করেছিল পদ্ম শিবির।

রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটগ্রহণের সময়ও এখন দোরগোড়ায়। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং আগামী ৪ মে ফলাফল জানা যাবে। শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সবকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং প্রথম দফার ভোটের জন্য সোমবার থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজেপির এই শেষ মুহূর্তের প্রার্থিতালিকা ঘোষণা এবং প্রার্থী বদলের সিদ্ধান্ত নির্বাচনী লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Related Articles