দেশ

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ! ২ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট তলব

“তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করা হবে!”, রাম মন্দিরের কোটি কোটি টাকার চুরিতে কড়া বার্তা প্রধান বিচারপতির!

Truth of Bengal: অযোধ্যার প্রাঙ্গণে তৈরি ঐতিহ্যবাহী রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগে তোলপাড় দেশ। এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT)-কে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, “তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন, তার সবই নেওয়া হবে। সর্বোচ্চ আদালত ঘটনাটির গুণগত ও দ্রুত তদন্ত শেষ করার বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছে।”

আদালতের শুনানিকালে উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, আইজিপি কিরান এস-এর নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের এসআইটি গঠন করা হয়েছে। এই বিশেষ কমিটিতে একজন ডিআইজি, একজন এসপি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তদন্ত পরিচালনা করছেন।

রাজ্য সরকারের এই পদক্ষেপে আস্থা প্রকাশ করলেও, তদন্তের নিখুঁত ফলাফলের জন্য এই এসআইটিতে অন্তত একজন ফরেনসিক বিশেষজ্ঞ বা নিরীক্ষককে যুক্ত করার বিশেষ পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই প্রস্তাব সলিসিটার জেনারেল তুষার মেহতা মেনে নিলে, প্রধান বিচারপতির বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করে।

উল্লেখ্য, রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মোট তিনটি পৃথক আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর সমস্ত আর্থিক লেনদেনের সিএজি (CAG) অডিট, নিরপেক্ষ সিবিআই তদন্ত, ফরেনসিক অডিট এবং ব্যাঙ্কিং ও ইউপিআই সংক্রান্ত সমস্ত ডিজিটাল নথি সংরক্ষণের জোরালো দাবি জানানো হয়েছে।

পাশাপাশি ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ পুনর্গঠনের দাবি তুলে সুপ্রিম কোর্টের দরবারে কড়া অবস্থান নিয়েছে নির্মোহী আখড়াও। সংগঠনের পক্ষে মহন্ত রাজা রামচন্দ্রাচার্য অতীত গুরু রঘুনাথ দাস মামলা দায়ের করে ট্রাস্টের বর্তমান গঠন কাঠামো এবং কার্যপ্রণালী নিয়ে একাধিক অস্বস্তিকর প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আগামী দুই সপ্তাহে রাম মন্দির অনুদান চুরির তদন্ত কোন মোড় নেয়, সেদিকেই নজর দেশবাসীর।

Related Articles