পাথরপ্রতিমায় বিশালাকার কুমিরের হানা: আতঙ্কে নদীর ঘাটে যাওয়া বন্ধ মৎস্যজীবীদের
নিরাপত্তা নিয়ে স্থানীয়রা চরম দুশ্চিন্তায় রয়েছেন
Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার পাথরপ্রতিমা ব্লকের অন্তর্গত জগৎদল নদীতে একটি বিশাল আকৃতির কুমিরের উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছোট রাক্ষসখালি অঞ্চলের মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নদীর পাড় থেকে একটি মুরগিকে অতর্কিত আক্রমণ করে জলের গভীরে টেনে নিয়ে যাচ্ছে বিশালাকার কুমিরটি। শিকার ধরার পর কুমিরটিকে যেভাবে মাথা উঁচিয়ে তা ভক্ষণ করতে দেখা গেছে সেই দৃশ্য দেখে স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত।
এলাকাবাসীদের দাবি অনুযায়ী গত কয়েকদিন ধরে কুমিরটি নদীর বিভিন্ন ঘাটের আশেপাশে ঘোরাফেরা করছে এবং খাবারের সন্ধানে বারবার তীরের কাছে উঠে আসছে। এই ঘটনার ফলে বিশেষ করে মৎস্যজীবী ও কাঁকড়া সংগ্রহকারী মহিলারা জীবিকার তাগিদে নদীতে নামতে ভয় পাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে নদীতে গেলেও নিরাপত্তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনদপ্তরের কর্মীরা ইতিমধ্যে এলাকায় টহল শুরু করেছেন। জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বনকর্মীরা নদী সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে সুন্দরবনের বাস্তুতন্ত্রে কুমিরের উপস্থিতি স্বাভাবিক হলেও অনেক সময় খাদ্যের অভাব কিংবা পরিবেশগত পরিবর্তনের কারণে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসে। বনদপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবী ও গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং কুমিরটির গতিবিধির ওপর নজর রেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।






