রানাঘাটে অসাবধানতাবশত গুলিবিদ্ধ নিরাপত্তাকর্মী
সূত্র মারফত জানা গেছে, ঘটনার সময় মোশারফ হোসেন ও তাঁর সহকর্মীরা অ্যাক্সিস ব্যাংকে টাকা পৌঁছে দিয়ে গাড়িতে ফিরছিলেন।
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার রানাঘাটে ব্যাংকের টাকা বহনকারী সংস্থার এক নিরাপত্তাকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে রানাঘাট শীতলতলা মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ওই নিরাপত্তাকর্মীর নাম মোশারফ হোসেন মন্ডল। বর্তমানে তিনি একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র মারফত জানা গেছে, ঘটনার সময় মোশারফ হোসেন ও তাঁর সহকর্মীরা অ্যাক্সিস ব্যাংকে টাকা পৌঁছে দিয়ে গাড়িতে ফিরছিলেন। গাড়ির সিটে তাঁর সার্ভিস বন্দুকটি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সিটে বসতে যাওয়ার সময় অসাবধানতাবশত বন্দুকটি থেকে আচমকা গুলি চলে (মিসফায়ার) এবং তা সরাসরি মোশারফের শরীরে লাগে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরের পরামর্শ দেন। রানাঘাট থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।






