পূর্ব কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিংহ
অভিযোগ, পূর্ব কলকাতায় ৫০০-রও বেশি বেআইনি নির্মাণ গড়ে উঠেছে জলাভূমি ভরাট করে।
Truth Of Bengal: পূর্ব কলকাতার জলাভূমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পক্ষভুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিংহ। তাঁর পর্যবেক্ষণ, প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও অবৈধ নির্মাণ ভাঙা হবে।
অভিযোগ, পূর্ব কলকাতায় ৫০০-রও বেশি বেআইনি নির্মাণ গড়ে উঠেছে জলাভূমি ভরাট করে। এই অভিযোগের ভিত্তিতেই হাই কোর্টে মামলা দায়ের হয়। এর আগেও একাধিক শুনানিতে আদালত রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের নির্দেশ ছিল, পুলিশের সহায়তায় পুরসভাকে অবিলম্বে বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলতে হবে।
-
দু’মুঠো ভাতেও টানাটানি! ১৫ দিনেই হু-হু করে বাড়ল চালের দামSeptember 6, 2026
-
কোথায় ‘বাংলার মুখ’? বাংলার পর্যটন বিজ্ঞাপন ঘিরে উঠছে প্রশ্নSeptember 5, 2026
তবে অভিযোগ উঠেছে, নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে বাস্তবে কোনও অগ্রগতি হয়নি। অনেক ক্ষেত্রেই অবৈধ নির্মাণ চিহ্নিত করাই সম্পূর্ণ হয়নি বলে জানানো হয়। সোমবারের শুনানিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের একটি রিপোর্ট আদালতে জমা পড়ে। সেই রিপোর্ট দেখে বিচারপতি সিংহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটির পর একটি রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কোনও কাজ হচ্ছে না। আমি আর রিপোর্ট চাই না, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে—সেটাই দেখতে চাই।”
স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নির্মাণ ভাঙার আগে সংশ্লিষ্ট জায়গাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন। চৌবাগা-সহ কয়েকটি এলাকায় সেই কাজ করতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের। সেই পরিস্থিতিতে অভিযান চালানো সম্ভব হয়নি বলে দাবি তাদের।
এই প্রেক্ষিতে বিচারপতি সিংহ স্পষ্ট মন্তব্য করেন, একাধিক নির্দেশ সত্ত্বেও যদি রাজ্য ও পুরসভা কার্যকর পদক্ষেপ না করে, তবে কেন্দ্রের সহায়তা নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে অবৈধ নির্মাণ ভাঙার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এরপরই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দেয় আদালত। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।





