বিনোদন

‘ধুরন্ধর’-এর অফার ফেরানো কি শুধুই রটনা? ‘রহমান ডাকাত’ চরিত্র নিয়ে নীরবতা ভাঙলেন নাগার্জুন

দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে এই বিষয়ে নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নাগার্জুন।

Truth Of Bengal: আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটি বক্স অফিসে বর্তমানে এক অবিস্মরণীয় ইতিহাস তৈরি করেছে। বিশ্বজুড়ে ১১০০ কোটি টাকার ব্যবসা করে খান-কাপুরদের সাম্রাজ্যে কার্যত হানা দিয়েছেন রণবীর সিং। তবে ছবির বিপুল সাফল্যের মাঝেও বিনোদন জগতে একটি জল্পনা দাবানলের মতো ছড়িয়েছিল, ছবিতে অক্ষয় খান্নার করা ‘রহমান ডাকাত’ চরিত্রটি নাকি প্রথমে দক্ষিণী সুপারস্টার নাগার্জুনকে প্রস্তাব করা হয়েছিল এবং তিনি তা ফিরিয়ে দেন।

দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে এই বিষয়ে নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নাগার্জুন। একটি বিনোদনমূলক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন যে, এই চরিত্রের জন্য তাঁর কাছে কোনও প্রস্তাবই আসেনি। যদিও তিনি রসিকতা করে বলেন, “ইস! যদি সত্যিই এমন অফার আসত! ‘ধুরন্ধর’ একটি অসাধারণ ছবি এবং আদিত্য ধর অনবদ্য কাজ করেছেন।”

আদিত্য ধরের আগের কাজ ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এরও প্রশংসা শোনা গিয়েছে নাগার্জুনের গলায়। অক্ষয় খান্নার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে তিনি জানান যে, তিনি ছবির সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সেটিও যাতে ব্লকবাস্টার হয় সেই কামনাই করেন। তবে নেটিজেনদের একটি বড় অংশের দাবি, বর্তমানে রজনীকান্তের ‘কুলি’ ছবির কাজে প্রবল ব্যস্ত থাকার কারণেই হয়তো অক্ষয় খান্নার ওই চরিত্রটি ফিরিয়ে দিয়েছিলেন নাগার্জুন, যা তিনি এখন জনসমক্ষে স্বীকার করছেন না।বর্তমানে নিজের কেরিয়ারের শততম ছবি নিয়ে ব্যস্ত থাকা এই মেগাস্টার বলিউডে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্য প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় দর্শকরা এখন আন্তর্জাতিক মানের গল্প এবং নির্মাণ দেখতে চান। তাই নিজের শততম ছবির কাজ নিয়ে তিনি কোনও তাড়াহুড়ো করতে চান না, বরং দর্শকদের একটি মানসম্পন্ন উপহার দিতে বিশেষ পরিকল্পনা করছেন। উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ ছবিতে শেষবার বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল, তাই ভক্তরা আবারও তাঁকে হিন্দি ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।