দেবদেবীর বেশ ধরে অভিনব চুরি! পুলিশের জালে গুজরাটের চার জালিয়াত
তদন্তকারী আধিকারিকদের মতে, এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করত।
Truth Of Bengal: ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে শহরে চুরির এক অভিনব চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। দেবদেবীর ছদ্মবেশ ধরে সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগে গুজরাটের আনন্দ জেলার চার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অনিল রামজু সালাত, ধীরু কালোভাই সালাত, সমীরভাই সালাত এবং রাজু কুমার।
তদন্তকারী আধিকারিকদের মতে, এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করত। ট্রাফিক সিগন্যাল বা জনবহুল এলাকায় মা কালী, শিব বা অন্যান্য দেবদেবীর বেশ ধরে এরা সাধারণ মানুষের সামনে হাজির হতো। আশীর্বাদ বা ধর্মীয় প্রসঙ্গের অছিলায় কথা বলে বিশ্বাস অর্জন করত। এরপর সুযোগ বুঝে অত্যন্ত নিপুণভাবে পথচারীদের মানিব্যাগ বা মোবাইল হাতিয়ে নিয়ে চম্পট দিত। ছদ্মবেশের কারণে সাধারণ মানুষ সন্দেহ করেন না।
দেবদেবীর বেশ ধরে অভিনব চুরি! পুলিশের জালে গুজরাটের চার জালিয়াত pic.twitter.com/Uzhon4OcvB
— TOB DIGITAL (@DigitalTob) February 15, 2026
পুলিশ জানিয়েছে, জোড়াসাঁকো থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে লালবাজারের ওয়াচ সেকশন তদন্ত শুরু করে। এই ঘটনার সূত্রপাত হয় অন্য একটি চুরির মামলা থেকে। গত শনিবার পার্ক স্ট্রিট এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগে মহম্মদ শাহনওয়াজ এবং মহম্মদ সমীর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার সময় এই ছদ্মবেশী চক্রটির হদিশ পায় গোয়েন্দারা। সেই সূত্র ধরেই হেস্টিংস এলাকা থেকে গুজরাটের ওই চার বাসিন্দাকে পাকড়াও করা হয়। ধৃতদের নিজেদের জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং চুরি করা সামগ্রী কোথায় পাচার করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে।






