বিনোদন

হাইকোর্টে স্বস্তি হিরণ চট্টোপাধ্যায়ের! প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় মিলল আগাম জামিন

বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Truth of Bengal: বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। আনন্দপুর থানায় তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে হিরণকে প্রতি ১৫ দিন অন্তর এক বার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে।

ঘটনার সূত্রপাত হয় হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর। এরপরই তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ও ৪৯৮এ ধারায় মামলা রুজু করে। ৪৯৪ ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা আইনত অপরাধ, যার শাস্তি হিসেবে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। অন্যদিকে, ৪৯৮এ ধারাটি বিবাহিত মহিলার ওপর নির্যাতন ও গার্হস্থ্য হিংসার সঙ্গে সম্পর্কিত।

হিরণের আইনজীবী গত ২৮ জানুয়ারি দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি জানান যে, তাঁর মক্কেল বর্তমানে একজন দায়িত্বশীল বিধায়ক। যদিও গত ৪ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে কোনো কারণে সেই তারিখ পিছিয়ে গিয়েছিল। অবশেষে উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করায় আইনি দিক থেকে কিছুটা স্বস্তিতে খড়গপুর সদরের এই বিধায়ক। বর্তমানে হিরণ চট্টোপাধ্যায় তাঁর রাজনৈতিক কর্মসূচি ও দলের প্রচারে ব্যস্ত রয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়মিত প্রচারের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যাচ্ছে। আদালতের রায়ের বিষয়ে হিরণ বা তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা— উভয় পক্ষের কেউই নতুন করে কোনো মন্তব্য করেননি। জামিন মেলার ফলে বিধায়কের রাজনৈতিক কর্মকাণ্ডে এখন আর কোনো আইনি বাধা রইল না।

Related Articles