স্মৃতিদের জয় আবেগঘন বার্তা বিরাটের
২০২৪ ও ২০২৬ সালে মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) জিতেছেন স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন দল, আর ২০২৫ আইপিএল ট্রফি উঠেছে বিরাট কোহলিদের হাতে।
Truth Of Bengal: আরসিবি নিয়ে একসময় শোনা যেত—এই দল নাকি শুধু সমর্থকদের মন জিততেই আসে, ট্রফি জেতা তাদের সাধ্যের বাইরে। তবে গত তিন বছরে সেই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনটি বড় ট্রফি জিতে সমালোচকদের মুখ বন্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৪ ও ২০২৬ সালে মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) জিতেছেন স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন দল, আর ২০২৫ আইপিএল ট্রফি উঠেছে বিরাট কোহলিদের হাতে।
বৃহস্পতিবার ডব্লিউপিএল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরই আরসিবির সাফল্যে আবেগঘন বার্তা দেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সবার উপরে উড়ছে। এটা নিয়ে তোমরা গর্ব করতে পারো। স্মৃতি ও পুরো দলকে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। এই জয় তোমাদের প্রাপ্য—চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা উপভোগ করো। ভক্তদের ভালোবাসাও সাদরে গ্রহণ করো।
এই জয়ের মাধ্যমে প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজির পুরুষ ও মহিলা—দুই দলের হাতেই একসঙ্গে দেশের সেরা লিগের ট্রফি উঠল। দ্বিতীয়বার ডব্লিউপিএল জিতে সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি অধিনায়ক স্মৃতি মন্ধানা। তিনি বলেন, “আরসিবি ভক্তরা বিশ্বের সেরা। আমরা যেখানেই খেলি, বিপুল সমর্থন পাই।” পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, পরপর তিনবার বড় শিরোপা জেতা দলের জন্য এক অসাধারণ অনুভূতি।
ডব্লিউপিএলজয়ী আরসিবিকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও। সামাজিক মাধ্যমে নেটিজেনরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মহিলা ব্রিগেডকে।ফাইনালে স্মৃতিদের প্রতিপক্ষ ছিল জেমাইমা রডরিগেজের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। দুই ঘনিষ্ঠ বন্ধুর এই লড়াই ছিল জমজমাট ও হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত অবশ্য হাসি ফুটেছে আরসিবি শিবিরেই। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের জন্য হতাশা আরও বাড়ল—ডব্লিউপিএলের ইতিহাসে প্রতিবার ফাইনালে উঠলেও চারবার সুযোগ পেয়েও এখনও ট্রফির মুখ দেখেনি তারা।






