রাজ্যের খবর

বিদ্যার দেবীর চরণে প্রথম পাঠ, শ্রীরামপুরে সরস্বতী পুজোয় সাড়ম্বরে হাতেখড়ি অনুষ্ঠান

এই বিশেষ দিনে হুগলির শ্রীরামপুরের জেনেসিস ওয়ার্ল্ড স্কুলে ধরা পড়ল এক উৎসবমুখর ছবি।

Truth Of Bengal: মাঘী শুক্লা পঞ্চমীর পুণ্যলগ্নে রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। শুক্রবার সকাল থেকেই বাংলার ঘরে ঘরে বাণী বন্দনার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও মহাসমারোহে পুজোর আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনে হুগলির শ্রীরামপুরের জেনেসিস ওয়ার্ল্ড স্কুলে ধরা পড়ল এক উৎসবমুখর ছবি।

এদিন সকালে জেনেসিস ওয়ার্ল্ড স্কুলের প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন খুদে পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। সরস্বতী পুজোর এই বিশেষ তিথিতে আয়োজন করা হয়েছিল ‘হাতেখড়ি’ অনুষ্ঠানের। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে স্লেটে খড়ি ছুঁইয়ে জীবনের প্রথম পাঠ শুরু করল কচিকাঁচারা। সন্তানদের শিক্ষার এই শুভ সূচনায় উপস্থিত থাকতে পেরে আনন্দিত অভিভাবকরাও।

স্কুলের কর্ণধার স্নেহা মুখোপাধ্যায় জানান, প্রতি বছরের মতো এবারও জেনেসিস ওয়ার্ল্ড স্কুল ভক্তিভরে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে। তিনি বলেন, “আমাদের স্কুলের খুদে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক এবং স্থানীয় প্রতিবেশীরাও এই পুজোয় সামিল হন। শুধুমাত্র আনন্দ নয়, আমাদের লক্ষ্য হলো শিশুদের মধ্যে প্রকৃত শিক্ষার আদর্শ গড়ে তোলা।”

স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই পুজো কেবল পড়ুয়া বা শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এলাকার সাধারণ মানুষও এসে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। তাঁদের সমবেত প্রার্থনা— আগামীর প্রজন্ম যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে পারে এবং ‘মানুষের মতো মানুষ’ হিসেবে গড়ে ওঠে। সব মিলিয়ে, মন্ত্রপাঠ, অঞ্জলি আর খুদেদের হাতেখড়ির আমেজে শ্রীরামপুরের এই স্কুলে আজ এক পবিত্র পরিবেশের সৃষ্টি হয়েছে।

Related Articles