রাজ্যের খবর

স্ত্রীকে অকথ্য শারীরিক নির্যাতন! খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি

আত্মজিৎ চক্রবর্তী, বনগাঁ: উত্তর ২৪ পরগনায় চাঞ্চল্য ছড়াল এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। স্ত্রীকে নির্যাতন করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির এক মণ্ডল সভাপতি। ধৃতের নাম জয় হালদার। তিনি বনগাঁ উত্তর মণ্ডল ২-এর সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। সম্প্রতি সেই নির্যাতন চরম আকার ধারণ করে এবং খুনের চেষ্টার অভিযোগ ওঠে জয় হালদারের বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পরই গোপালনগর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বনগাঁ মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে গৃহবধূ নির্যাতনের মতো গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles