রাজ্যের খবর

“আমি রাজনীতি করতে আসিনি!”, জনসভায় হাউহাউ করে কাঁদলেন বিজেপি প্রার্থী

করজোড়ে প্রার্থনা ও চোখের জল! ভোটের মুখে ক্ষীরপাইয়ে নতুন সমীকরণ তৈরি করছেন সুকান্ত দলুই?

সুমন মণ্ডল, ঘাটাল: ভোটের প্রচারে এবার এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই। চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দলুই প্রচারের মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন। বুধবার ক্ষীরপাইয়ে তপশিলি জাতি মোর্চার এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। রাজনীতির লড়াইয়ের চেয়েও মানুষের কষ্টের কথা বলতে গিয়ে তাঁর এই অশ্রুপাত বর্তমানে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এলাকায়।

তপশিলি জাতি সম্প্রদায় ও প্রান্তিক চাষিদের দুরবস্থার কথা তুলে ধরে সুকান্তবাবু বলেন, “আমি রাজনীতি করতে আসিনি, মানুষের হৃদয়ে নিজের নাম লিখতে এসেছি। আপনারা অনেক দেখেছেন, অনেক ঠকেছেন। আর কতদিন এভাবে বঞ্চনা সহ্য করবেন?” বক্তব্যের মাঝে বারবার তাঁর গলা বুজে আসছিল। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে তপশিলি সম্প্রদায়ের মানুষ রক্ত-ঘাম ঝরিয়েও তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে চলেছেন। কোনও সরকারই এই সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে সদিচ্ছা দেখায়নি বলে তিনি তোপ দাগেন।

এদিন করজোড়ে উপস্থিত মানুষের কাছে সমর্থন প্রার্থনা করে বিজেপি প্রার্থী অঙ্গীকার করেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। তিনি আরও বলেন, “আমার লড়াই শুধু ভোটের জন্য নয়, এই অবহেলিত মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। সুযোগ পেলে এই সমাজের আমূল পরিবর্তন করে দেব।”

নির্বাচনী বৈতরণী পার হতে প্রার্থীরা যখন একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতে ব্যস্ত, তখন সুকান্ত দলুইয়ের এই কান্নার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরা একে ‘নির্বাচনী নাটক’ বলে কটাক্ষ করলেও, বিজেপি শিবিরের দাবি, প্রার্থীর এই আবেগ সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর ভালবাসারই বহিঃপ্রকাশ। চন্দ্রকোনার এই আবেগি মেজাজ শেষ পর্যন্ত ইভিএম-এ কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Related Articles