বিনোদন

ভাইফোঁটা থেকে জীবনসঙ্গিনী! হিরণ-ঋতিকার ‘কাণ্ড’ ফাঁস করলেন অনিন্দিতা

এই বদলে যাওয়া সমীকরণ দেখে নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Truth Of Bengal: “পাঁচ বছর ধরে হিরণের সঙ্গে আছি…”—এই কথার সঙ্গে বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দেন নবপরিণীতা ঋতিকা গিরি। যদিও সেই পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না, তবু এবার নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে হিরণ চট্টোপাধ্যায় ও ঋতিকা গিরির এক পুরনো ছবিকে কেন্দ্র করে। ছবিতে দেখা যায়, হিরণকে ভাইফোঁটা দিচ্ছেন ঋতিকা গিরি। সম্পর্কের এই বদলে যাওয়া সমীকরণ দেখে নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সূত্রের খবর, ওই ভাইফোঁটার ছবিটি ২০২১ সালের। আর সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, যদি তাদের সম্পর্ক পাঁচ বছরের হয়, তাহলে একুশ সালে কীভাবে হিরণকে ভাইফোঁটা দিয়েছেন ঋতিকা? তবে সম্পর্কের সময়সীমা নিজেই বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন ঋতিকা। তিনি জানিয়েছিলেন, “এই বিয়ে আমরা অনেক আগেই করেছি। পাঁচ বছর ধরে আমরা একসঙ্গে আছি। অনিন্দিতা এই সব বিষয়ে জানত। আমার সব অ্যাকাউন্টও পাবলিক ছিল, কিছুই লুকানো ছিল না। তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন?”

এখানেই থামেননি অনিন্দিতা চট্টোপাধ্যায়। ভাইফোঁটার ছবিটি দেখিয়ে তিনি পালটা প্রশ্ন তুলেছেন, “পাঁচ বছরের সম্পর্ক থাকলে, একুশ সালে ভাইফোঁটা কীভাবে দিলেন? এবং ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটি হিরণের খড়্গপুরের বাড়িতে তোলা।” অনিন্দিতা আরও বলেন, “দাদা হিসেবে ভাইফোঁটা দিয়ে তাকে বিয়ে করা কীভাবে সম্ভব? এটা অত্যন্ত লজ্জাজনক। ভাবলেই অস্বস্তি লাগে। তবে আমি যে মিথ্যে বলিনি, সেটা আবারও প্রমাণ হলো।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিন্দিতা আরও দাবি করেছেন, “হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক নারী সম্পর্কে জড়িত থাকার অভ্যাস ছিল। একবার হিরণের শরীর খারাপ হওয়ায় আমি না জানিয়ে খড়্গপুরের বাড়িতে গিয়েছিলাম। তখন ঋতিকা আমাকে দেখে পালিয়ে যায়, হিরণও অবাক হয়ে গিয়েছিল। তখন থেকেই আমার সন্দেহ জাগে। হিরণ বলেছিল, ঋতিকার মায়ের জন্মদিন, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছে। একবার হিরণ আমাকে বলেছিল, ঋতিকা আত্মহত্যার ভয় দেখাচ্ছে, ছুরি নিয়ে মারতেও এসেছিল। তবু আমি তখন মনে করেছিলাম হিরণকে বাঁচাতে হবে। গত পঁচিশ বছরে অনেক কিছু সহ্য করেছি। কিন্তু হিরণের রাজনৈতিক পদ ও সিনেদুনিয়ার ভাবমূর্তি রক্ষার জন্য কিছু বলিনি। এখন মনে হয় ভুল করেছি।”

পদ্ম শিবিরের তারকা বিধায়কের দ্বিতীয় বিবাহ নিয়ে ওঠা বিতর্কের পর থেকেই এই পুরনো কেচ্ছা একের পর এক সামনে আসছে। যদিও হিরণ নিজে এ বিষয়ে এখনও নীরব।