কলকাতারাজ্যের খবর

বসন্তেই গ্রীষ্মের হাতছানি, মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা!

দোল উৎসবের আগেই দক্ষিণবঙ্গে গরমের দাপট অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Truth Of Bengal: বিদায়বেলায় শীতের আমেজ কাটিয়ে রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ফলে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে রোদের তেজ। আবহাওয়াবিদদের পূর্বাভাস, মার্চের প্রথম সপ্তাহেই শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। অর্থাৎ, দোল উৎসবের আগেই দক্ষিণবঙ্গে গরমের দাপট অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া এখনও বেশ মনোরম। তবে আবহাওয়া দপ্তরের মতে, দার্জিলিং ও কালিম্পংয়ে চলতি সপ্তাহে হালকা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকলেও রবিবার থেকে হিমালয় সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট কমবে।

বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার নতুন করে আরও একটি ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা থাকায় আবহাওয়ার এই খামখেয়ালি ভাব বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Related Articles