“কাউকে নিচু দেখাতে মোটা টাকা খরচ করা হচ্ছে!” বলিউডের পিআর রাজনীতি নিয়ে বিস্ফোরক তাপসী
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা জগতের এই বদলে যাওয়া সংস্কৃতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
Truth of Bengal: বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলে চলমান পিআর বা জনসংযোগের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর মতে, বর্তমান সময়ে অভিনয়ের দক্ষতার চেয়ে কে কতটা প্রচারের আলোয় থাকতে পারছেন, সেই বিষয়টিই চলচ্চিত্র জগতে বেশি গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা জগতের এই বদলে যাওয়া সংস্কৃতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
তাপসী জানিয়েছেন, বর্তমানে পিআর বা জনসংযোগের সংজ্ঞা পুরোপুরি বদলে গিয়েছে। আগে এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল নিজের কাজকে মানুষের সামনে তুলে ধরা। কিন্তু অভিনেত্রীর অভিযোগ, এখন অন্য কাউকে নিচু দেখানোর জন্যও মোটা টাকা খরচ করা হচ্ছে। একজনের সাফল্য কেন অন্যজনের ব্যর্থতার ওপর নির্ভর করবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। গত দেড়-দুই বছর কাজের চাপ কমিয়ে বাইরের জগতকে পর্যবেক্ষণ করার পরেই এই কুৎসিত প্রতিযোগিতার বিষয়টি তাঁর নজরে এসেছে বলে তিনি দাবি করেন।
কেরিয়ারের শুরু থেকেই তাপসী তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। অমিতাভ বচ্চনের সঙ্গে পিঙ্ক ছবিতে তাঁর অভিনয় রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল। এরপর মুল্ক, বদলা এবং মনমরজিয়ান-এর মতো ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি নিজের জাত চিনিয়েছেন। ২০১৯ সালে মিশন মঙ্গল এবং সান্ড কি আঁখ ছবিতেও তাঁর কাজ দারুণ প্রশংসিত হয়। বিশেষ করে ২০২০ সালে মুক্তি পাওয়া থাপ্পড় ছবিটি তাঁর কেরিয়ারে অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরবর্তী সময়ে রশ্মি রকেট থেকে শুরু করে শাহরুখ খানের বিপরীতে ডানকি ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।






