বিনোদন

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা গোবর্ধন আসরানি

Truth Of Bengal: উৎসবের আবহে ফের শোকের ছায়া নেমে এল বিনোদুনিয়ায়। প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি। সোমবার বিকেল চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ভাইপো অশোক আসরানি সংবাদমাধ্যমকে মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আরও পড়ুন: শব্দ নয় নিঃশব্দ চাই, কালীপুজোয় এক অনন্য় বার্তা!

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরে তিনি মুম্বইয়ের জুহুতে ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা ফুসফুসে জল জমার সমস্যা চিহ্নিত করেন। প্রিয় অভিনয়শিল্পীকে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। সন্ধেবেলা সম্পন্ন হয়েছে শেষকৃত্য।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় ছিলেন আসরানি। ৩৫০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাজস্থানের জয়পুরে জন্ম। সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা শেষে অভিনয়ের স্বপ্নে মুম্বইয়ে পাড়ি। ‘মেরে আপনে’, ‘কোশিস’, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘ছোটি সি বাত’ থেকে ‘রাফু চক্কর’— একের পর এক জনপ্রিয় সিনেমায় তাঁর অনবদ্য পারফরম্যান্স দর্শকের মন জয় করেছে।

মূল চরিত্রে স্বচ্ছন্দ অভিনয়ের পাশাপাশি পার্শ্বচরিত্র এবং বিশেষ করে কৌতুকাভিনেতা হিসাবে তিনি ছিলেন বলিউডের অমূল্য সম্পদ। তাঁর ‘কমিক টাইমিং’ আজও অভিনয় শিক্ষার্থীদের কাছে পাঠ্যসমান। সাম্প্রতিক বছরেও তিনি একাধিক ছবিতে স্মরণীয় কমেডি রোল করেছেন।

দীর্ঘ লড়াই শেষে অবশেষে নক্ষত্রপতন। আসরানির প্রয়াণে বলিউড কেবল এক অভিনেতাকে নয়, এক যুগকে হারাল।

Related Articles