‘অপারেশন আঘাত ৩.০’-তে দিল্লি পুলিশের সাফল্য, নববর্ষের আগে গ্রেফতার শতাধিক
উৎসবের ভিড়ে অপরাধের বাড়বাড়ন্ত রুখতেই এই বিশেষ অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ।
Truth Of Bengal: বড়দিনের উৎসবের আমেজ এখনও কাটেনি, তার মধ্যেই সামনে নববর্ষ। উৎসবের মরশুমে রাজধানীর নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। সেই লক্ষ্যেই রাজধানী জুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান ‘অপারেশন আঘাত ৩.০’। ইতিমধ্যেই এই অভিযানে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে এবং শতাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
উৎসবের ভিড়ে অপরাধের বাড়বাড়ন্ত রুখতেই এই বিশেষ অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে তল্লাশি অভিযান ও নাকা চেকিং। রাস্তায় রাস্তায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা রোখা যায়।
দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, আবগারি আইন ও এনডিপিএস আইনের আওতায় এখনও পর্যন্ত ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নববর্ষের জমায়েতকে কেন্দ্র করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০৪ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া অতীতে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এমন ১১৬ জনকেও আটক করা হয়েছে।
তল্লাশি অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি মাদক ও অবৈধ মদের চোরাচালান রুখতেও জোরদার অভিযান চালানো হচ্ছে।
এই অভিযানে চুরি যাওয়া সম্পত্তির একটি বড় অংশও উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই, ডাকাতি কিংবা হারিয়ে যাওয়া মোট ৩১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নাকা চেকিং ও তল্লাশির সময় ২৩১টি মোটরবাইক এবং একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে অপরাধ দমনে এখন পর্যন্ত ১,৩০৬ জনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। আগামী দিনেও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতভর চেকিং, যাচাই ও অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা কোনও ঝুঁকি নিতে নারাজ।






