মহরমে নিষিদ্ধ অস্ত্র প্রদর্শন ও ডিজে, থানাগুলিকে কড়া নির্দেশ লালবাজারের
নতুন কোনও শোভাযাত্রার অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে
Truth of Bengal: মহরমের শোভাযাত্রা ঘিরে এবার কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। মহরমের দিন কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় বাজানো যাবে না ডিজে। খুব উঁচু তাজিয়াও তৈরি করা যাবে না। পাশাপাশি নতুন কোনও শোভাযাত্রার অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। আগামী শুক্রবার কলকাতা-সহ রাজ্যজুড়ে পালিত হবে মহরম। তার আগে মঙ্গলবার শহরের প্রতিটি থানাকে প্রয়োজনীয় নির্দেশ পাঠায় লালবাজার। প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসি পদমর্যাদার আধিকারিকরা বৈঠক করেন। সেই বৈঠকেই মহরম উপলক্ষে নিরাপত্তা ও শোভাযাত্রা সংক্রান্ত নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়।

লালবাজার সূত্রে খবর, বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলি নিয়মিত বের হয়, শুধুমাত্র সেগুলিকেই অনুমতি দেওয়া হবে। নতুন করে কোনও শোভাযাত্রার অনুমতি দেওয়া যাবে না। কোনও মিছিল বা শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তাজিয়ার উচ্চতা নিয়েও বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের নির্দেশ, তাজিয়া যেন অতিরিক্ত উঁচু না হয়। রাস্তায় বিদ্যুতের তার বা কেবল ছিঁড়ে যাওয়ার মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখতে হবে।

এছাড়া শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না বলে স্পষ্ট জানিয়েছে লালবাজার। মাইক ব্যবহার করা হলেও তা হাইকোর্টের নির্দেশ মেনে করতে হবে। শব্দদূষণ যাতে না হয়, সে বিষয়ে থানাগুলিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। মিছিল থেকে কোনও সংবেদনশীল বা উত্তেজনামূলক বার্তা না দেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। যাঁরা মহরমের শোভাযাত্রা বের করবেন, তাঁদের সঙ্গে আগাম বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে থানার আধিকারিকদের। শোভাযাত্রার রুট, সময়, তাজিয়ার উচ্চতা এবং শব্দ নিয়ন্ত্রণ—সব বিষয় নিয়েই আয়োজকদের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।






