ভেঙে চুরমার উদ্ধবের শিবসেনা! রবিবারই শিন্ডে শিবিরে ৬ বিদ্রোহী সাংসদ
দিল্লিতে ওম বিড়লার সঙ্গে গোপন বৈঠক! ‘অপারেশন টাইগার’-এর ধাক্কায় খতম উদ্ধব সেনা?
Truth of Bengal: মহারাষ্ট্রের রাজনীতিতে কি এবার উদ্ধব ঠাকরের অধ্যায়ের চূড়ান্ত অবসান ঘটতে চলেছে? ২০২২ সালের সেই ঐতিহাসিক ভাঙনের ক্ষত দগদগে থাকতেই, ফের একবার খণ্ডবিখণ্ড হতে চলেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (UBT)। এবার খোদ সংসদের অন্দরেই বড়সড় ধাক্কা খেতে চলেছেন উদ্ধব। দলের মোট ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জনই এখন খোদ নেতৃত্বের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন। রাজনৈতিক মহলের জোর খবর, আজ রবিবারের মধ্যেই এই ভাঙন একবারে চূড়ান্ত রূপ নিতে চলেছে এবং মুম্বইয়ের বুকে এক হাইভোল্টেজ সাংবাদিক বৈঠক করে এই ৬ সাংসদ শিন্ডে শিবিরে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভাঙনের ধাঁচেই এবার মুম্বইয়ের বুকে উদ্ধব শিবিরে ধস নামায় স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে দিল্লির বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA) এবং বিশেষ করে কংগ্রেস শিবিরের কপালে। এই তীব্র ডামাডোলের মাঝেই গত শুক্রবার দলীয় কর্মীদের আবেগঘন বার্তা দিয়ে উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, তিনি প্রয়োজনে নেতৃত্ব ছেড়ে দিতে রাজি আছেন এবং বিদ্রোহী সাংসদদের জেতানোর জন্য তিনি ভোটারদের কাছে ক্ষমাও চেয়ে নেন। তবে উদ্ধবের এই আবেগে যে বরফ গলেনি, তা স্পষ্ট।
সূত্রের খবর, দিল্লির বুকে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ইতিমধ্যেই দেখা করে এসেছেন এই ছয় বিদ্রোহী সাংসদ। বিদ্রোহীদের তালিকায় রয়েছেন নাগেশ আশিতকর, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, সঞ্জয় দিনা পাটিল, ওমপ্রকাশ রাজেনিম্বলকর এবং ভাওসাহেব ওয়াকচুরে। তাঁদের মূল অভিযোগ, উদ্ধব ঠাকরে নাকি বালসাহেবের হিন্দুত্বের মূল আদর্শ বিসর্জন দিয়ে সম্পূর্ণ কংগ্রেসের দাসত্ব করছেন এবং আগামী দিনে এই দল কংগ্রেসে বিলীন হয়ে যাবে। যদিও উদ্ধব এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন।
গত বৃহস্পতিবার উদ্ধবের ডাকা জরুরি বৈঠকে এই ৬ সাংসদের অনুপস্থিতিই প্রথম জল্পনা উস্কে দিয়েছিল। জানা গেছে, স্পিকারকে দেওয়া চিঠিতে তাঁরা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন ‘আসল’ শিবসেনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সংসদে তাঁদের আসন বিন্যাস বদলেরও আবেদন জানিয়েছেন। চার বছর আগে ২০২২ সালে একনাথ শিন্ডে যেভাবে উদ্ধবের হাত থেকে ক্ষমতা ও দলের প্রতীক কেড়ে নিয়েছিলেন, ২০২৬ সালের এই জুনে ফের সেই একই ব্যক্তি নেপথ্যে থেকে খেলছেন ‘অপারেশন টাইগার’। আজ বিকেলের সাংবাদিক বৈঠকেই এই জল্পনার অবসান ঘটতে চলেছে।






