বিনা টিকিটে ট্রেন সফর করলেই এবার দ্বিগুণ জরিমানা! আর কী কী নিয়ম চালু করল রেল?
‘জনবিশ্বাস বিধি ২০২৬’ আইনের অধীনে রেল মন্ত্রকের তরফ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Truth of Bengal: ট্রেনে টিকিট ফাঁকি দেওয়া এবং স্টেশন চত্বরে নানাবিধ বিশৃঙ্খলা রুখতে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ করল ভারতীয় রেল। রেলের নতুন নির্দেশিকা মোতাবেক, ট্রেনে এবার থেকে বিনা টিকিটে যাত্রা করলেই অপরাধীকে আগের তুলনায় ঠিক দ্বিগুণ জরিমানা গুণতে হবে। পূর্বতন নিয়ম অনুযায়ী বিনা টিকিটের ন্যূনতম জরিমানার অঙ্ক যেখানে ছিল ২৫০ টাকা, আজ শনিবার থেকেই তা একলাফে বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। ‘জনবিশ্বাস বিধি ২০২৬’ (Jan Vishwas Rules 2026) আইনের অধীনে রেল মন্ত্রকের তরফ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলের স্পষ্ট বার্তা, ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতাকে আরও বেশি উন্নত, নিরাপদ ও আরামদায়ক করতে এবং যাত্রীদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এই কড়া নিয়মের বাস্তবায়ন করা হচ্ছে।
নতুন এই নির্দেশিকায় শুধুমাত্র টিকিটহীন যাত্রীদেরই নয়, বরং ট্রেনের ভেতর হকারি করা থেকে শুরু করে নানাবিধ অসামাজিক কার্যকলাপ রুখতেও কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনে বিনা অনুমতিতে অবৈধভাবে জিনিসপত্র বিক্রি বা হকারি করলে সরাসরি ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হবে। একইভাবে অন্যের নামে কাটা টিকিটে ভ্রমণ করলেও ন্যূনতম ৫০০ টাকা ফাইন দিতে হবে। এছাড়া স্টেশন বা ট্রেনের কামরায় যেখানে-সেখানে থুতু ফেলা, মদ্যপান করা কিংবা সহযাত্রীদের সঙ্গে অযথা ঝামেলা পাকালে ১ হাজার টাকা জরিমানা করা হবে। অত্যন্ত কড়াভাবে জানানো হয়েছে যে, এই একই অপরাধ যদি কোনও ব্যক্তি দ্বিতীয়বার করেন, তবে জরিমানার অঙ্ক বেড়ে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে, এমনকি জেল হওয়ার সম্ভাবনাও থাকছে। পাশাপাশি, ট্রেনের ভেতরে ধূমপান করার অপরাধে এখন থেকে ২ হাজার টাকা জরিমানা গুনতে হবে সাধারণ মানুষকে।
মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ট্রেনের ভেতর বিপজ্জনক পরিস্থিতি এড়াতেও জরিমানার অঙ্ক এক ধাক্কায় বহু গুণ বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, পুরুষ যাত্রীরা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠলেই আড়াই হাজার টাকা জরিমানা করা হবে। এর পাশাপাশি, ট্রেনে সফরকালীন কোনও যাত্রী যদি নিজের সঙ্গে আপত্তিকর, দাহ্য বা বিপজ্জনক সামগ্রী বহন করেন, তবে তাঁকে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। মূলত দূরপাল্লা ও লোকাল ট্রেনে বিশৃঙ্খলা সম্পূর্ণ বন্ধ করতে এবং নিয়মানুবর্তিতা বজায় রাখতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল বোর্ডের কর্তারা জানিয়েছেন।
রেল সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, টিকিট ফাঁকি দেওয়ার এই প্রবণতা কতটা মারাত্মক আকার ধারণ করেছে তা মে মাসের একটি রিপোর্টেই স্পষ্ট। মে মাসে শুধুমাত্র সেন্ট্রাল রেলওয়ে জোন থেকেই বিনা টিকিটে যাত্রা করার অপরাধে ৪.৯৬ লক্ষ যাত্রীকে ধরা হয়েছিল এবং তাঁদের কাছ থেকে রেকর্ড ৪০.৮৫ কোটি টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে। এই বিপুল অনিয়ম রুখতেই দেশজুড়ে জরিমানার পরিমাণ বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকেও সমস্ত সাধারণ যাত্রীদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষের অনুরোধ, সকলে যেন সবসময় বৈধ টিকিট কেটে যাত্রা করেন এবং ট্রেন ও স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এক দায়িত্বশীল নাগরিকের মতো রেলকে সহযোগিতা করেন।






