দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন ভারত
এবার কলম্বোয় অনুষ্ঠিত দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাবও জয় করল ভারত।
Truth Of Bengal: চলতি বছরে ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় পুরুষ দল এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল। তারপর মাত্র দিন কয়েক আগে একদিনের বিশ্বকাপ জয় করেছেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানা-রিচা ঘোষরা। এবার কলম্বোয় অনুষ্ঠিত দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাবও জয় করল ভারত।
প্রসঙ্গত, এবারই প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর সেখানেই বাজিমাত ভারতীয়দের। ফাইনালে ভারত ৭ উইকেটের বিনিময়ে পরাজিত করে প্রতিবেশী দেশ নেপালকে। রবিবার টসে জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নেপাল ভারতের সামনে ১১৫ রানের টার্গেট খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২.১ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা স্পর্শ করে ফেলে ভারতের মহিলারা।
টিম ইন্ডিয়ার হয়ে ২৭ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন ফুলা সারেন। এছাড়া কে করুণা করেন ২৭ বলে ৪২ রান। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই মূলত জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, নেপাল, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। দলের বিশ্বকাপ জয়ে দারুণ খুশি ম্যানেজার শিখা শেঠি। তিনি বলেন, ‘এই দলের অধিকাংশ ক্রিকেটারই গ্রামীণ এলাকা থেকে উঠে এসেছেন। সব বাঁধা পার করে তাঁরা যেভাবে দেশকে সাফল্য এনে দিয়েছেন তার জন্য আমরা গর্বিত। ’






