খেলা

দর্শকের গ্যালারি থেকে সোজা ২২ গজে! আফগানিস্তান সিরিজে ফিরছেন রোহিত-বিরাট

এবার দেশের জার্সিতে মাঠে নামবেন তিনজনই।

Truth of Bengal: বর্তমানে ভারতের হয়ে একটি মাত্র ফরম্যাটে খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাই এখন তাঁরা মাঠের বাইরে। তাঁরা টি-২০ বিশ্বকাপে দেশের ম্যাচ দেখছেন দর্শক হিসাবে। কিন্তু তিন মাসের মধ্যেই আবার ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে এই দুই তারকাকে। বিশ্বকাপের সময়েই এই খবর প্রকাশ পেয়েছিল। জুন মাসে ভারত সফরে আসছে আফগানিস্তান। তারা একটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে। এই সিরিজে খেলবেন রোহিত ও কোহলি। প্রথমে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ৬ জুন থেকে নিউ চণ্ডীগড়ে শুরু হবে। সেই সঙ্গে ফিরবেন টেস্ট অধিনায়ক শুভমন গিলও। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় আপাতত তিনিও মাঠের বাইরে ছিলেন। অর্থাৎ এবার দেশের জার্সিতে মাঠে নামবেন তিনজনই।

এক দিনের সিরিজ শুরু হবে ১৪ জুন ধর্মশালায়। পরবর্তী ম্যাচগুলি ১৭ জুন লখনউ এবং ২০ জুন চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। এই তিনটি ম্যাচে রোহিত ও কোহলি খেলবেন এবং শুভমন গিল অধিনায়ক হিসাবে নেতৃত্ব দেবেন। চলতি বছরের জানুয়ারিতে রোহিত ও কোহলি ভারতের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলেছিলেন। এরপর থেকে পাঁচ মাসের বিরতি। কোহলি লন্ডনে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটিয়েছেন, যদিও আইপিএলের প্রস্তুতির জন্য দেশে ফিরেছেন। রোহিত এইবার টি-২০ বিশ্বকাপে আইসিসির দূত হিসাবে মাঠে উপস্থিত ছিলেন। ভারতের পাকিস্তান ম্যাচের আগে তাঁকে সূর্যকুমার যাদবদের ডাগআউটেও দেখা গেছে।

আগামী বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে, যেখানে খেলার লক্ষ্য রাখছেন রোহিত ও কোহলি। তবে এর জন্য ধারাবাহিকভাবে রান করতে হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সিরিজগুলিতে তাঁরা ভাল ফর্মে ছিলেন। বিশেষ করে কোহলি। তাঁর ব্যাট থেকে বেশ কিছু শতকও এসেছে। ফিটনেসের দিক থেকেও কোনও সমস্যা নেই। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে আরও তিনটি ম্যাচ খেলবেন তাঁরা এবং আপাতত সেই দিকে পুরো মনোনিবেশ রেখেছেন।

 

Related Articles