অফবিট

Relationships After a Fight: কথা বলতে বলতে হঠাৎ তীব্র বাদানুবাদ! কঠিন পরিস্থিতিতে ‘মান ভাঙানোর’ জাদুকাঠি কোথায়?

এই কঠিন পরিস্থিতিতে সম্পর্কের বাঁধন ধরে রাখার কৌশল কী? কে আগে এগিয়ে এসে মান ভাঙাবেন?

Truth of Bengal: প্রতিদিনের ব্যস্ততা শেষে চা খেতে খেতে নিজেদের ভালো-মন্দ নিয়ে খোশগল্প। এমনই চলছিল, কিন্তু হঠাৎ এক সন্ধ্যায় সেই সাধারণ আলোচনা মোড় নিল তীব্র বাদানুবাদে। সামান্য কথা থেকে শুরু হলো দোষারোপের পালা, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হলো যে কেউ কারও মুখদর্শন করতেও চাইলেন না। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। কিছুক্ষণের মধ্যেই রাতের খাবার টেবিলে দু’জনকে বসতে হবে, হয়তো একে অপরের হাতে তুলে দিতে হবে রোজের ওষুধ। এই কঠিন পরিস্থিতিতে সম্পর্কের বাঁধন ধরে রাখার কৌশল কী? কে আগে এগিয়ে এসে মান ভাঙাবেন?

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে সবার আগে যা প্রয়োজন, তা হলো সময়। সময় যেন ঘরের তাকে পড়ে থাকা সেই অ্যান্টি-সেপটিক ক্রিমের মতো – যা সব ধরনের ক্ষততে প্রলেপ দিতে পারে। তীব্র উত্তেজনার মুহূর্তে মানুষ প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই স্নায়ুর উত্তেজনা প্রশমিত করতে নিজেকে এবং আপনার সঙ্গীকে খানিকটা সময় দিন। নিজেকে শান্ত হতে দিন। দেখবেন, কিছুক্ষণ পরই পরিবেশ স্বাভাবিকের দিকে ফিরছে। ঝগড়া শুধু বর্তমানের বিষয় নিয়ে নাও হতে পারে। খেয়াল করে দেখুন, এমন কোনো পুরোনো ক্ষত, ভয় বা অজানা আতঙ্ক আছে কি, যা আপনাদের দু’জনকেই বার বার কষ্ট দিচ্ছে? ঝগড়ার সময় কি সেই অব্যক্ত কষ্টই বারবার উঠে আসছে? ঠান্ডা মাথায় ‘কে ভুল’ বা ‘কে ঠিক’ সেই বিচার না করে, বরং নিজেদের রাগের বা মনোমালিন্যের আসল উৎসটি সন্ধান করুন দু’জনে।

কিছুক্ষণের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকুক। এরপর যখন দু’জনের মাথা ঠান্ডা হবে, তখন শান্তভাবে কথা বলুন। তবে সেই আলোচনায় যেন কোনো আদেশ, নির্দেশ বা অভিযোগ-অনুযোগ না থাকে। আপনার কথা বলার ধরন এমন হওয়া উচিত, যাতে আপনি আপনার সঙ্গীর কাছে ভরসার মানুষ হয়ে উঠতে পারেন এবং তিনি আপনার কাছে সবচেয়ে নিরাপদ বোধ করতে পারেন। কথা বলার সঙ্গে সঙ্গে আপনার গলার স্বর এবং বাচনভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দিয়ে উল্টো দিকের মানুষটি সহজে বুঝে ফেলতে পারেন যে তাঁর প্রতি আপনি কী অনুভব করছেন। ঝগড়ার পরেও হয়তো আপনি সঙ্গে সঙ্গে প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরতে পারলেন না, কিন্তু আপনার নরম বাচনভঙ্গি দিয়েই বুঝিয়ে দিন যে ভুল বোঝাবুঝির এই মৌ স্বাক্ষরে আপনার কোনো আপত্তি নেই, সম্পর্কের বাঁধনই আসল।

Related Articles