খেলা

“গম্ভীরের সঙ্গে কোনও সংঘাত নেই!” অবসর নিয়ে মুখ খুললেন অশ্বিন

অশ্বিন ২০২৪-২৫ মরশুমের বর্ডার-গাভাসকর ট্রফির সময়ই অবসরের ঘোষণা করেন।

Truth of Bengal: ভারতের অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই সেই সময় বলেছিলেন, অবসরের পিছনে রয়েছেন ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর। এতদিন অশ্বিন নিজে অবশ্য সেই প্রসঙ্গে কিছু বলেননি। সম্প্রতি তিনি সরাসরি জানালেন, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে তাঁর ব্যক্তিগত বিবেচনা ছিল, এবং এর সঙ্গে প্রধান কোচ গৌতম গম্ভীরের কোনও বিরোধ নেই।

অশ্বিন ২০২৪-২৫ মরশুমের বর্ডার-গাভাসকর ট্রফির সময়ই অবসরের ঘোষণা করেন। তৃতীয় টেস্টে ড্র হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন, তখন সিরিজের ফলাফল ছিল ১-১ সমান। এই হঠাৎ সিদ্ধান্তে অনেকের কৌতূহল বাড়ে, কারণ তখনও সিরিজের দুই ম্যাচ বাকি ছিল। প্রথম টেস্টে অশ্বিনের পরিবর্তে খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় টেস্টে তিনি দলে ফিরলেও তৃতীয় টেস্টে আবার বাইরে থাকতে হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে অশ্বিন স্পষ্ট করেছেন, তাঁর কোচ গম্ভীরের ওপর কোনও রাগ বা অসন্তোষ নেই। তিনি বলেন, যদি কোচ মনে করেন যে সিনিয়র ক্রিকেটারদের—যেমন তিনি, বিরাট কোহলি বা রোহিত শর্মা— দলে না থাকাটাই দলের জন্য সঠিক, তাহলে সেটাই মেনে নেওয়া উচিত।

অশ্বিন আরও বলেন, ‘কোচের কাজ হল দলকে এগিয়ে নেওয়া। যদি তিনি মনে করেন যে আমার আর দলে কোনও ভূমিকা নেই, সেটা স্বীকার করাই বুদ্ধিমানের কাজ।’ তিনি যোগ করেন, তিনি সব সময় নিজের অহংকার ত্যাগ করার চেষ্টা করেন। ‘আমরা সবাই মানুষ, অহং আসে। কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায়, সব সিদ্ধান্তের পেছনে কোনও না কোনও কারণ থাকে।’ অশ্বিনের মতে, দেশে অতিরিক্ত প্রশংসা ক্রিকেটারদের নিজেকে অজেয় ভাবতে প্রলুব্ধ করে, যা বাস্তবে ঠিক নয়। বারবার রবীন্দ্র জাডেজা এবং সুন্দরকে নিয়ে রোটেশনে খেলানো হচ্ছিল, তখনই তিনি বুঝতে পারেন, দলের ভবিষ্যতের পরিকল্পনায় তাঁর আর কোনও স্থান নেই। অশ্বিন বলেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করি। সময় বুঝে নিজেই সরে দাঁড়িয়েছি। আমি সেই খেলোয়াড়দের মধ্যে পড়ি না, যারা দলে ফেরার আশায় অপেক্ষা করে।’

Related Articles