Nabadwip: নৌকাই ভরসা! সেতু বন্ধ থাকায় নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়ার বিশেষ পরিষেবা শুরু
জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে ১৫ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গৌরাঙ্গ সেতু দিয়ে বড় যানবাহন চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।
মাধব দেবনাথ,নদিয়া: মেরামতির জন্য দীর্ঘ ৪৫ দিনের জন্য বন্ধ রয়েছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। ফলে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকায় সমস্যায় পড়েছেন যাত্রী ও চালকেরা। বিশেষ করে মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ মহাশ্মশানে আসা মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে (Nabadwip)।
এই পরিস্থিতিতে শ্মশানযাত্রীদের সুবিধার্থে উদ্যোগ নিল নবদ্বীপ পুরসভা।শনিবার থেকে পুরসভার ব্যবস্থাপনায় শুরু হয়েছে মৃতদেহসহ শ্মশানযাত্রীদের নৌকায় করে নবদ্বীপ মহাশ্মশানে পৌঁছে দেওয়ার পরিষেবা। জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে ১৫ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গৌরাঙ্গ সেতু দিয়ে বড় যানবাহন চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে বহু মানুষ নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ সৎকার করতে আসেন। কিন্তু সেতু পারাপার বন্ধ থাকায় তারা আর গাড়ি নিয়ে শ্মশানে পৌঁছতে পারছিলেন না (Nabadwip)।
সেই সমস্যা কাটাতে গৌরাঙ্গ সেতুর পূর্ব পাড়ে গাড়ি রেখে যন্ত্রচালিত নৌকায় মৃতদেহ সহ যাত্রীদের শ্মশান পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে নবদ্বীপ পুরসভা। দাহকার্য শেষে আবার সেই নৌকাতেই যাত্রীদের ফিরিয়ে আনা হবে পূর্ব পাড়ে।এই নৌকা পরিষেবার জন্য যাতায়াতের ভাড়া ধার্য করা হয়েছে এক হাজার টাকা। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান, পুরসভা পরিষেবা চালুর ব্যবস্থা করলেও ভাড়া নেবেন নৌকার মাঝিরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে তিনি জানান (Nabadwip)।






