সুপার আটে রোহিতদের জন্য মরণ-ফাঁদ পাতছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে
দুই দলই স্পষ্ট করেছে, তারা কেবল অংশ নিতে আসেনি—বিশ্বজয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে
Truth of Bengal: সুপার আটে ভারতের লড়াই যে একেবারেই সহজ হবে না, সেই বার্তাই জোর গলায় শোনাল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। দুই দলই স্পষ্ট করেছে, তারা কেবল অংশ নিতে আসেনি—বিশ্বজয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।
গ্রুপ পর্বে চারটি ম্যাচেই জয় তুলে দুর্দান্ত ছন্দে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, আগের মতো শুধু শক্তির ঝলক দেখানোই নয়, এখন তাদের দল পরিস্থিতি বুঝে ধৈর্য ও কৌশল মেনে খেলছে। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। হোপের মতে, বড় প্রতিযোগিতায় শুরুটা ভাল না হলে চাপে পড়তে হয়। তাই প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় তার দল। ভারতের শক্তি ও সাম্প্রতিক ফর্ম সম্পর্কে তারা সচেতন, তবু আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই।
অন্য দিকে জিম্বাবোয়ে নিজেদের গ্রুপে কঠিন প্রতিপক্ষদের টপকে জায়গা করে নিয়েছে পরের পর্বে। অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, তাদের লক্ষ্য এক একটি ম্যাচ ধরে এগোনো। নিজেদের অঘোষিত চ্যালেঞ্জার ভাবতেই স্বচ্ছন্দ তারা, কারণ এতে প্রত্যাশার চাপ কম থাকে। রাজার কথায়, দল হিসেবে তারা একসঙ্গে লড়াই করছে এবং সেরাটা দিতে পারলে যে কোনও দিন যে কোনও শক্তিশালী দলকে হারানো সম্ভব। ভারতের সঙ্গে একই পর্বে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ় ও জিম্বাবোয়ে। ফলে সুপার আটে প্রতিটি ম্যাচই হতে চলেছে স্নায়ুযুদ্ধের মতো। ভারতকে তাই শুরু থেকেই সতর্ক থাকতে হবে, কারণ প্রতিপক্ষরা এবার সত্যিই জিততে নেমেছে।






