Uncategorized

নকশালবাড়ির চাবাগানে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার, ভিড় জমালেন শ্রমিকরা

Truth Of Bengal: শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের মেরিভিউ চাবাগানে একটি হাতির শাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা ঘিরে স্থানীয় চা-শ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: ‘পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে কমিশনকে’, বিএলওদের প্রশিক্ষণ ঘিরে উত্তপ্ত নজরুল মঞ্চ

জানা গিয়েছে, এদিন সকালে মেরিভিউ চাবাগানের ম্যানেজার বাগান পরিদর্শনে বেরিয়েছিলেন। টহলদারির সময়ই তিনি চাবাগানের মধ্যে হাতির শাবকটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই তিনি বনদফতরে খবর দেন। খবর পাওয়ামাত্র বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমব্রত সাধু এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার পরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান যে, শাবকটির দেহ ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরেই হাতির শাবকটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বনদফতর সূত্রে প্রাথমিক অনুমান, মৃত হস্তিশাবকটির বয়স ছিল আনুমানিক ২ থেকে ৩ মাস। ধারণা করা হচ্ছে, দুটি পূর্ণবয়স্ক হাতির লড়াইয়ের মাঝে পড়ে গিয়েই বাচ্চা হাতিটির মৃত্যু হয়েছে।

এদিকে, এই খবর চাউর হতেই আশপাশের চা বাগানের বহু শ্রমিক ঘটনাস্থলে ভিড় জমান। চা শ্রমিকরা জানান, মাঝেমধ্যেই হাতির দল এই চাবাগান এলাকায় প্রবেশ করে। তাঁরা বনদফতরের কাছে অবিলম্বে এই এলাকায় টহলদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

Related Articles