ভবানীপুরের বহুতলে ‘ঘরের মেয়ে’র মেজাজে মমতা, সেলফির জন্য ছেঁকে ধরল মহিলা-খুদেরা
জগুবাবুর বাজারেও ‘জনসংযোগ’! ফল বিক্রেতা থেকে দোকানি, সবার হাতে হাত মেলালেন নেত্রী
Truth of Bengal: ভোটের লড়াইতে বড় বড় জনসভার পাশাপাশি এবার নিজের পাড়ায় ‘নিবিড় জনসংযোগ’-এ জোর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পদযাত্রা ও জনসভা শেষে রাতের দিকে ভবানীপুরের একাধিক বহুতল আবাসনে পৌঁছে গেলেন তিনি। প্রোটোকল সরিয়ে রেখে ঘরের মেয়ের মতোই আবাসনের বাসিন্দাদের সঙ্গে আড্ডা দিলেন, শুনলেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। প্রিয় নেত্রীকে ড্রয়িং রুমে বা আবাসনের চত্বরে এভাবে সামনে পেয়ে কার্যত অভিভূত দক্ষিণ কলকাতার বাসিন্দারা।
এদিন বিকেলের পদযাত্রা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের একটি বড় আবাসনে ঢোকেন। সেখানে আবাসিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। মহিলারা তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার জানালে স্মিতহাস্যে তাতে সাড়া দেন মুখ্যমন্ত্রী। বাদ যায়নি ছোটরাও; শিশুদের সঙ্গেও খোশগল্পে মাততে দেখা যায় তাঁকে। আবাসনের বাসিন্দারা তাঁদের কিছু সমস্যার কথা জানালে নেত্রী তা মন দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরের মতো অভিজাত কেন্দ্রে আবাসনের ভোটারদের মন জয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই রণকৌশল মেনেই এবার বহুতলে সরাসরি হানা দিচ্ছেন তৃণমূলনেত্রী।
শুধু আবাসনই নয়, রবিবাসরীয় সন্ধ্যায় মমতার আকস্মিক উপস্থিতি দেখা গেল ঐতিহ্যবাহী জগুবাবুর বাজারেও। বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সাধারণ ক্রেতা থেকে শুরু করে ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীকে একদম সাধারণ মানুষের মতো কেনাকাটার মেজাজে বাজারে দেখে ব্যবসায়ীরাও আপ্লুত। নিজের নির্বাচনী কেন্দ্র যে তাঁর হাতের তালুর মতো চেনা, এদিন বাজারের আনাচে-কানাচে ঘুরে তাই আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।




