কাজ থেকে ফেরার পথে নৃশংসতা, সুবর্ণপুরে তরুণীকে গণধর্ষণ
কিছুক্ষণ পর নিজেকে সামলে তিনি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব জানান।
Truth Of Bengal: ওড়িশায় ফের গণধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল সুবর্ণপুর জেলা। কাজ থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে রাস্তা থেকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে, তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের ঘটনা। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। পথে তিন যুবক মুখ ঢেকে তাঁর সামনে এসে দাঁড়ায়। নির্যাতিতার অভিযোগ, হঠাৎই এক জন তাঁর মুখে স্প্রে ছিটিয়ে দেয়। চোখ-মুখ জ্বালা করতে শুরু করে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে, শরীর অবশ হয়ে যায়। তারপর তাঁকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার ধারে এক নির্জন স্থানে। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
নির্যাতিতা জানান, অভিযুক্তেরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে তিনি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব জানান। এরপরই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তৎপর হয় সুবর্ণপুর পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়। আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর বয়ানের উপর ভিত্তি করে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত তৃতীয় অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, এর আগেই ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় ঘটেছিল এই নৃশংস ঘটনা। বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল দুই আদিবাসী কিশোরীর সঙ্গে। ওই দুই কিশোরীকে গণ-ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। দুই কিশোরীর বাবা-মা রসগোবিন্দপুর থানায় এই মর্মে অভিযোগ জানানোর পরই ঘটনার কথা সামনে আসে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে পরপর দুটি গণধর্ষণের ঘটনা ওড়িশায় নতুন করে প্রশ্ন তুলছে রাজ্যের নারী নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে।






