Truth Of Bengal: বিহারের পাটনায় এক বেসরকারি গার্লস হস্টেলে NEET পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার এক সপ্তাহ পর হস্টেল মালিককে গ্রেফতার করায় নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর ক্ষেত্রে আত্মহত্যা নয়, খুনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত ৯ জানুয়ারি, পাটনার চিত্রগুপ্তনগর থানার অন্তর্গত শম্ভু গার্লস হস্টেলে।
সেদিন পুলিশের কাছে খবর আসে, হস্টেলের এক ছাত্রী নিজের ঘরে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা এসে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেদান্ত হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের একাংশ। তাঁরা কার্গিল চক এলাকায় বিক্ষোভ দেখান এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। চাপের মুখে পড়ে পুলিশ বৃহস্পতিবার হস্টেল মালিক মণীশকুমার রঞ্জনকে গ্রেফতার করে। তি
নি পাটনার মুন্না চক এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল, এরপর তাঁকে খুনের চেষ্টা করা হয়। যদিও ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টের চূড়ান্ত ফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল। ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তথ্যপ্রমাণ, ফরেন্সিক রিপোর্ট এবং হস্টেলের অন্যান্য আবাসিকদের জবানবন্দির ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। সব দিক খতিয়ে দেখে প্রকৃত সত্য সামনে আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।






