কলকাতা

মান্থার প্রভাব কমছে, রবিবার থেকে কমবে বৃষ্টি

শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃষ্টির দেখা মেলে।

Truth Of Bengal: বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছিল প্রবল শক্তি নিয়ে। তারই প্রভাবে টানা কয়েক দিন ধরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই চলছে বৃষ্টি।

তবে এখন অনেকটাই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মান্থা বর্তমানে একটি সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। অবস্থান করছে উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের কাছে। আগামী বারো ঘণ্টার মধ্যে তা আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বিহারের কাছাকাছি চলে যাবে। ফলে ধীরে ধীরে এর প্রভাবও ক্ষীণ হবে পশ্চিমবঙ্গে।

শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃষ্টির দেখা মেলে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়। কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। শুক্রবার যেখানে দার্জিলিং-সহ একাধিক জেলায় জারি হয়েছিল লাল সতর্কতা, সেখানে শনিবার বৃষ্টির দাপট অনেকটাই কমেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের পর থেকেই রাজ্য জুড়েই ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে আবহাওয়া। রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গ, দুই অঞ্চলেই বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা প্রবল। কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রিরও বেশি। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। অর্থাৎ, আর্দ্রতা আর উষ্ণতার দাপটে এখনও অস্বস্তি কাটেনি শহরবাসীর।

Related Articles