Truth Of Bengal: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শনিবার রাতে ভাঙড় বিধানসভার দুই নম্বর ব্লকের চড়িস্বর এলাকায় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মী-সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় চড়িস্বর এলাকায় একটি সভায় যোগ দিয়েছিলেন নওশাদ। তিনি যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময়ই সভার পাশে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়িটি লক্ষ্য করে আচমকা ইটবৃষ্টি শুরু হয়। হামলায় নওশাদের গাড়ির পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ আইএসএফ কর্মীরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ শুরু করেন। বিক্ষোভের জেরে ঘটকপুকুর এলাকায় আটকে পড়েন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম।
নওশাদ সিদ্দিকীর অভিযোগ, এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যেই পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে এবং এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে ভাঙড়ে দফায় দফায় উত্তেজনা ছড়ানোর পর কলকাতা পুলিশ কমিশনার নিজে এলাকা পরিদর্শন করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশের পরও প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।






