নির্বাচনের মুখে শিলিগুড়িতে উদ্ধার প্রায় ১৯ লক্ষ টাকা, আটক ঝাড়খণ্ডের ৩ বাসিন্দা
বাজেয়াপ্ত করা হয়েছে টাকা বহনে ব্যবহৃত চারচাকা গাড়িটিও
Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের মুখে শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ চেকপোস্টে নাকা তল্লাশি চালিয়ে প্রায় ১৯ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ও নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। এই ঘটনায় ঝাড়খণ্ডের বাসিন্দা তিনজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে টাকা বহনে ব্যবহৃত চারচাকা গাড়িটিও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ এলাকায় নির্বাচন কমিশনের আধিকারিক ও ফাঁসিদেওয়া থানার পুলিশ যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় বিহারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন চারচাকা গাড়িকে আটকানো হয়। গাড়িটিতে তল্লাশি চালাতেই সিটের নিচ থেকে বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হয়। গোনার পর দেখা যায়, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ মোট ১৮ লক্ষ ৯৮ হাজার ৭০০ টাকা।
গাড়িতে থাকা তিন ব্যক্তির কাছে ওই বিপুল পরিমাণ নগদ টাকার স্বপক্ষে বৈধ নথিপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন। এর পরেই পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছেন যে, ওই টাকা ট্রান্সপোর্ট ব্যবসার পেমেন্টের জন্য ঝাড়খণ্ড থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে নির্বাচন বিধি জারি থাকার সময় এত বিপুল অঙ্কের টাকা কেন উপযুক্ত নথিপত্র ছাড়া নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, নির্বাচনের সময় নথিপত্র ছাড়া ৫০ হাজার টাকার বেশি নগদ বহন করা আইনত নিষিদ্ধ। সেই নিয়ম লঙ্ঘন করায় এই ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং গন্তব্য নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।






