Uncategorized

দেশের দীর্ঘমেয়াদি সরকারের প্রধান হিসাবে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের নজির আর কারও নেই

Truth Of Bengal: ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কেন্দ্র ও রাজ্য—উভয় স্তরে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মিলিতভাবে মোট ৮,৯৩১ দিন ক্ষমতায় থেকে তিনি ছাপিয়ে গেলেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং–এর ৮,৯৩০ দিনের রেকর্ড।

রাজনৈতিক মহলের মতে, এই সাফল্য শুধু সময়ের নিরিখে নয়, ধারাবাহিক জনসমর্থন এবং প্রশাসনিক দক্ষতারও প্রতিফলন। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক দশকেরও বেশি সময় সেই পদে ছিলেন মোদি। পরে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। পরবর্তী ২০১৯ এবং ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ২৫ বছর সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন পবন কুমার চামলিং। এতদিন তিনিই ছিলেন দেশের দীর্ঘতম মেয়াদি সরকারপ্রধান। তবে এবার সেই রেকর্ড ইতিহাসে পরিণত হল।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রায় ১৭ বছর দেশের শাসনভার সামলালেও কেন্দ্রীয় ও রাজ্য স্তরের সম্মিলিত মেয়াদের বিচারে মোদীর এই রেকর্ড নজিরবিহীন। একইভাবে ইন্দিরা গান্ধি দু’দফায় মিলিয়ে ১৫ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন এবং মনমোহন সিংহ টানা ১০ বছর এই দায়িত্বে ছিলেন।পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন ক্ষমতায় থাকা বামফ্রন্ট আমলে জ্যোতি বসু ২৩ বছরের বেশি সময় মুখ্যমন্ত্রী থাকলেও, কেন্দ্র ও রাজ্য মিলিয়ে এত দীর্ঘ সময় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের নজির আর কারও নেই।

ভদনগরের সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে পৌঁছনো মোদির এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা ইতিমধ্যেই ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। বিশ্লেষকদের মতে, এই রেকর্ড তাঁর রাজনৈতিক প্রভাব ও সাংগঠনিক দক্ষতারই প্রতিফলন।

Related Articles