ভারতের ওপর ট্রাম্পের শুল্ক চাপানোর নিন্দা করলেন বিনয়
তাঁর বক্তব্য, বহু দেশ রাশিয়ার সাথে বাণিজ্য করে, যার মধ্যে অন্যতম আমেরিকা।
Truth Of Bengal: ভারতের উপর ট্রাম্পের শুল্ক চাপানোর তীব্র নিন্দা করলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার (Vinay Kumar)। কি বললেন তিনি? তাঁর সাফ কথা, যেখান থেকে সস্তায় তেল পাওয়া যাবে, সেখান থেকেই কেনাকাটা চালিয়ে যাবে ভারতের তেল সংস্থাগুলি। এখানেই শেষ নয়, তিনি আমেরিকার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলেন। তাঁর বক্তব্য, বহু দেশ রাশিয়ার সাথে বাণিজ্য করে, যার মধ্যে অন্যতম আমেরিকা।
বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয় ভারতের উপর শুল্কের হার দ্বিগুণ করে আমেরিকার শাস্তি দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত তাদের সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে। যদিও ভারতের তরফ থেকেও অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে দেশের চাহিদা অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়ে দিয়েছেন যে দেশের কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করা হবে না।
এবার এই পর্ব নিয়ে নিজের মতামত জানালেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার (Vinay Kumar)। সম্প্রতি, রাশিয়ার এক সংবাদসংস্থা ‘তাশ’কে তিনি সাক্ষাৎকার দেন এবং নিজের অবস্থান জানান। বলা ভালো, একপ্রকার ক্ষোভ উগরে দেন তিনি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। একেবারে চাচা-ছোলা ভাষায় দেশের কি করা উচিত বা না করা উচিত, তা তিনি পরিষ্কার করে দেন।
বিনয় কুমার (Vinay Kumar) বলেন, “যেখানে শস্তায় পাবে তেল, সেখান থেকেই কেনাকাটা চালিয়ে যাবে ভারতীয় তেল সংস্থাগুলি। চীন, ইউরোপ, এমনকি আমেরিকা নিজেই বাণিজ্য করছে রাশিয়ার সাথে। সেখানে আমেরিকার ভারতের উপর শুল্ক চাপানোটা দ্বিচারিতা।” পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে এই শুল্ক চাপানোটি পুরোপুরি অন্যায় ও অনুচিত। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই অধ্যায়টি কোন পথে এগোয়ে। আগামী দিনে কোন সামঝাওতা হয় কিনা ভারত ও আমেরিকার মধ্যে, সেটাই এখন দেখার।






