দেশ

TCS Layoffs: টিসিএসে বড়সড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত, চাকরি হারাবেন ১২ হাজারের বেশি কর্মী

এই ছাঁটাইয়ের মূল কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence)-কে দায়ী করেছে সংস্থা।

Truth of Bengal: দেশে তথ্যপ্রযুক্তি শিল্পে চমকপ্রদ সিদ্ধান্ত নিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ২ শতাংশ কমানো হচ্ছে বলে জানিয়েছে তারা। অর্থাৎ, প্রায় ১২ হাজার ২০০ কর্মী হারাতে চলেছেন চাকরি। এই ছাঁটাইয়ের মূল কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence)-কে দায়ী করেছে সংস্থা। সংস্থার সিইও কে কৃত্তিবাসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে চলতি আর্থিক বছরের শুরু থেকেই, অর্থাৎ এপ্রিল মাস থেকে। এবং আগামী বছরের মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া ধাপে ধাপে চলবে বলে জানা গিয়েছে (TCS Layoffs)।

রবিবার, ২৭ জুলাই ‘মানিকন্ট্রোল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিসিএসের সিইও জানান, “আমরা এখন এআই-এর যুগে প্রবেশ করেছি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে কাজের ধরনও আমূল বদলে যাচ্ছে। আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। ফলে কিছু ক্ষেত্রে কর্মী সংখ্যা কমানো ছাড়া উপায় থাকছে না।” তিনি আরও বলেন, “আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তা একেবারেই সহজ ছিল না। বরং সিইও হিসেবে এটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত।”

আরও পড়ুন: Rahul Gandhi: ভারত-পাক সংঘর্ষে নিহতদের পরিবারের ২২ জন শিশুর দায়িত্ব নিল রাহুল গান্ধী

কে কৃত্তিবাসনের মতে, এই ছাঁটাই মূলত মধ্যবর্তী ও ঊর্ধ্বতন স্তরের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে বিশ্লেষক মহলের একাংশ মনে করছেন, টিসিএসের এই সিদ্ধান্ত গোটা দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে বড় প্রভাব ফেলতে চলেছে। অনেক সংস্থা এখন এআই-ভিত্তিক প্রযুক্তিতে ঝুঁকছে। তাই আগামী দিনে অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাও একই পথে হাঁটলে, চাকরি হারানোর ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। টিসিএস জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীদের জন্য কিছু ক্ষতিপূরণমূলক সুবিধাও থাকছে। কর্মীরা চাইলে নোটিস পিরিয়ডে অতিরিক্ত ছুটি ও বিমা সুবিধা পাবেন (TCS Layoffs)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

প্রসঙ্গত, বর্তমানে টিসিএস-এ মোট কর্মীর সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার। তাদের মধ্যেই ২ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হলে ১২ হাজার ২০০ জন কর্মী প্রভাবিত হবেন। এআই-এর দুনিয়ায় দ্রুত অভিযোজনের লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে টিসিএস। যদিও তাৎপর্যপূর্ণ বিষয় হল—এই সিদ্ধান্ত শুধু একটি সংস্থার নয়, বরং পুরো তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ চিত্রকেই স্পষ্ট করছে। কর্মসংস্থানের দুনিয়ায় এআই কীভাবে আমূল পরিবর্তন আনছে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

Related Articles