কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভিড় সামলাতে বিশেষ রুট ম্যাপ প্রকাশ পুলিশের
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে চার হাজারেরও বেশি পুলিশ আধিকারিক ও কর্মী মোতায়েন করা হয়েছে।

Truth of Bengal: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ রুট ম্যাপ প্রকাশ করল বীরভূম জেলা পুলিশ। পাশাপাশি চালু হয়েছে অনলাইন ম্যাপ। বিভিন্ন পুলিশ ক্যাম্পে থাকা বারকোড স্ক্যান করলেই মোবাইলে দেখা যাবে পার্কিং, নো-এন্ট্রি, সাধারণ দর্শনার্থী ও ভিআইপি প্রবেশপথ-সহ প্রয়োজনীয় তথ্য।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে চার হাজারেরও বেশি পুলিশ আধিকারিক ও কর্মী মোতায়েন করা হয়েছে। থাকছে কন্ট্রোল রুম, বিশেষ প্রযুক্তিগত দল, সিসিটিভি ও ফেস রিকগনিশন ক্যামেরা। এছাড়াও ২৬টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, ওয়াচ টাওয়ার, ড্রপ গেট ও বিপর্যয় মোকাবিলা দলের ব্যবস্থা রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে নো-এন্ট্রি চালু হবে। মুনসুভা মোড় থেকে তারাপীঠের দিকে ভারী যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে। নির্দিষ্ট সংখ্যক মিনি বাস এবং ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বীরচন্দ্রপুর ও মল্লারপুর দিক থেকেও যান চলাচলে বিধিনিষেধ থাকবে।
৫০০ টাকার ভিআইপি টিকিটধারীদের জন্য পৃথক প্রবেশের ব্যবস্থা থাকলেও ভিআইপি ও সাধারণ দর্শনার্থীদের মূল প্রবেশপথ থাকবে ২ নম্বর গেট। মন্দির চত্বরে কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।






