জমি জট কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পূর্ণদাস বাউল
পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দুর অভিযোগ, তাঁদের পৈতৃক ভিটের আশ্রমের জমি ২০০৮ সালে বদল করে সিল করে দেওয়া হয়েছিল।
Truth of Bengal: জমি সংক্রান্ত দীর্ঘদিনের জট কাটাতে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন বর্ষীয়ান বাউল শিল্পী পূর্ণদাস বাউল। মঙ্গলবার সল্টলেকে ‘জনতার দরবারে’ এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দুর অভিযোগ, তাঁদের পৈতৃক ভিটের আশ্রমের জমি ২০০৮ সালে বদল করে সিল করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁর।
দিব্যেন্দু আরও অভিযোগ করেন, ইলামবাজারে তাঁদের প্রায় ৪ বিঘা চাষের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। এই ঘটনায় তিনি চন্দ্রনাথ সিনহা ও অনুব্রত মণ্ডলের নামও তোলেন। তাঁর দাবি, থানা ও আদালতের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি।
রাজ্যে পালাবদলের পর এবার সমস্যার সমাধান হবে বলে আশাবাদী পূর্ণদাস বাউল ও তাঁর পরিবার। পূর্ণদাস বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগছে। সমাধান পাব আশা করি।”

