কলকাতা

নেশা করে ঢুকলেই সোজা মণ্ডপের বাইরে! ভবানীপুরের বিখ্যাত এই পুজোয় হবে ব্রেথলাইজার টেস্ট

মদ্যপ দর্শনার্থীদের জন্য কড়া ফতোয়া! দর্শনার্থীদের মুখে ব্রেথলাইজার বসাবে দক্ষিণ কলকাতার এই বড় পুজো!

Truth of Bengal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মহাঅষ্টমীতে ‘ড্রাই ডে’ বা মদ বিক্রিতে নিষেধাজ্ঞার ঘোষণার পর এবার আরও এক কড়া ও নজিরবিহীন পদক্ষেপ নিল শহরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি। মদ্যপ অবস্থায় কোনও দর্শনার্থীকে পুজো মণ্ডপের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিল দক্ষিণ কলকাতার ভবানীপুরের জনপ্রিয় ‘চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি’। শুধু মুখে নিষেধাজ্ঞা জারি করাই নয়, নেশাগ্রস্তদের হাতেনাতে ধরতে এবং মণ্ডপে ঢোকা রুখতে প্রবেশের মুখেই রাখা হচ্ছে ‘ব্রেথলাইজার টেস্ট’ (Breathalyzer Test)-এর ব্যবস্থা।

চলতি বছর ৮১ তম বর্ষে চক্রবেড়িয়া সর্বজনীনের পুজোর ভাবনা ‘পদ্ম দিঘির ঘাটে’। দক্ষিণ কলকাতার এই হাই-প্রোফাইল মণ্ডপে প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে। তবে এবার তৃতীয়া থেকে শুরু করে একদম দ্বাদশী পর্যন্ত দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তার কড়াকড়ি। পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দের নামে মদ্যপ অবস্থায় মণ্ডপে ঢুকে শালীনতা বজায় না রাখা এবং অন্যান্য প্রতিমা দর্শনকারীদের হেনস্থা করা রুখতেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির কার্যকারী সভাপতি গোরা রায়চৌধুরী এ প্রসঙ্গে জানান, “সম্প্রতি মিলন মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, মহাঅষ্টমীর পবিত্র দিনে দেবীর অঞ্জলির সময় রাজ্যজুড়ে কোনও মদের দোকান বা বার খোলা থাকবে না। মুখ্যমন্ত্রীর সেই জনকল্যাণমুখী নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা তৃতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় কাউকে মণ্ডপে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, এই প্রক্রিয়া মসৃণভাবে পরিচালনা করার জন্য কলকাতা পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। মণ্ডপের প্রবেশদ্বারে পুলিশ কর্মীদের পাশাপাশি ৩০ জনের বিশেষ সিকিউরিটি দল ও ক্লাবের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা ব্রেথলাইজার যন্ত্র নিয়ে মোতায়েন থাকবেন। সন্দেহ হলেই করা হবে টেস্ট, আর অ্যালকোহলের উপস্থিতি মিললেই সোজা মণ্ডপের বাইরে বের করে দেওয়া হবে।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার রদবদলের পর এই বছর শারদোৎসবে প্রশাসনিক নিয়মে একাধিক বদল এসেছে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মদের দোকান খোলা রাখার প্রচলিত নিয়মে কোপ বসিয়ে মহাঅষ্টমীর দিনে মদ বিক্রি ও পানশালায় মদ পরিবেশন সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজয়া দশমীর সঙ্গে মহাঅষ্টমী যুক্ত হয়ে এই বছর দুর্গাপুজোয় জোড়া ‘ড্রাই ডে’ প্রত্যক্ষ করবে রাজ্যবাসী। আর নবান্নের সেই কড়া নির্দেশকেই এবার নিজেদের মণ্ডপে বাস্তবায়িত করতে চলেছে চক্রবেড়িয়া সর্বজনীন।

Related Articles