দেশ

Rahul Gandhi: ভারত-পাক সংঘর্ষে নিহতদের পরিবারের ২২ জন শিশুর দায়িত্ব নিল রাহুল গান্ধী

পড়াশোনা থেকে শুরু করে প্রতিদিনের খরচ—সবই বহন করবেন তিনি।

Truth of Bengal: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তী ভারত-পাক সংঘর্ষে শিকার হওয়া শিশুদের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ( Rahul Gandhi) জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল পুঞ্চ-সহ বিভিন্ন এলাকায় নিহতদের পরিবারের ২২ শিশুর যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রায়বরেলির কংগ্রেস সাংসদ। পড়াশোনা থেকে শুরু করে প্রতিদিনের খরচ—সবই বহন করবেন তিনি। যতদিন না এই শিশুরা স্নাতক স্তর পর্যন্ত শিক্ষালাভ করছে, ততদিন পর্যন্ত তাঁদের পাশে থাকবেন বলেও ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফে।

এই প্রসঙ্গে কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ জানিয়েছেন, ‘পহেলগাঁও হামলার জেরে শুরু হওয়া সংঘর্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জম্মু ও কাশ্মীর। সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের লাগাতার গোলাবর্ষণের ফলে বহু শিশু মা-বাবাকে হারিয়েছে। অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়েছে। সেই সব পরিবার থেকেই বেছে নেওয়া হয়েছে ২২ জন শিশুকে।’ জানা গিয়েছে, গত মে মাসে পুঞ্চ সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময়ই স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে এই শিশুদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠান তিনি। এরপর কংগ্রেসের দলীয় কর্মীরা সরকারি তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে তালিকা তৈরি করেন। অবশেষে এই ২২ জন শিশুর দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন রাহুল। (Rahul Gandhi)

[আরও পড়ুনঃ Manhattan: নিউ ইয়র্কের কর্পোরেট চত্বরে রাইফেল হামলা, পুলিশ-সহ মৃত ৪]

এ প্রসঙ্গে তারিক হামিদ আরও জানান, ‘বুধবারই প্রথম কিস্তির অর্থ প্রদান করা হবে। শুধু অর্থ সাহায্য নয়, এই শিশুরা যাতে যথাযথ শিক্ষা ও মানসিক সহায়তা পায়, সে দিকেও নজর রাখা হবে।’ রাহুল গান্ধীর ওই সফরের সময় পুঞ্চের একটি স্কুলে গিয়ে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং বলেন, ‘এই কঠিন সময় তোমাদের ভেঙে দেওয়ার নয়। বরং তোমরা মন দিয়ে পড়াশোনা করো, খেলাধুলা করো, বন্ধু তৈরি করো—এই মুহূর্তে সেটাই তোমাদের শক্তি।’ (Rahul Gandhi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনার পাল্টা জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়। এর পালটা প্রতিক্রিয়ায় ৮ থেকে ১০ মে পর্যন্ত জম্মুর পুঞ্চ অঞ্চলে পাকিস্তান চালায় প্রবল গোলাবর্ষণ ও ড্রোন হামলা। প্রাণ হারান ২৭ জন, আহত হন ৭০ জনেরও বেশি। পুঞ্চে মৃত্যু হয় ১৬ জনের, বহু মানুষ আশ্রয় নেন ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতে ভারত-পাক সংঘর্ষে শিকার হওয়া শিশুদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী।

Related Articles