New Website for Voter List: পুরনো ভোটার তালিকা দেখতে নতুন ওয়েবসাইট চালু করল বঙ্গের সিইও দফতর
সিইও দফতর সূত্রে খবর, এই নতুন ওয়েবসাইট থেকেই নাগরিকরা ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা দেখতে পারবেন।
Truth of Bengal: রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণার মাত্র একদিন পরেই বিকল হয়ে পড়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট। সোমবার এসআইআর’র ঘোষণা হওয়ার পর মঙ্গলবার থেকেই অকেজো হয়ে পড়ে সেই সাইট। এতে ক্ষোভ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে, কারণ বহু মানুষই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চেয়েছিলেন, যা সেই ওয়েবসাইট থেকেই পাওয়ার কথা ছিল। অবশেষে জনগণের সুবিধার্থে নতুন ওয়েবসাইট চালু করল সিইও দফতর। নতুন ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in
সিইও দফতর সূত্রে খবর, এই নতুন ওয়েবসাইট থেকেই নাগরিকরা ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা দেখতে পারবেন। পাশাপাশি, ভোটার তালিকার নিবিড় সংশোধন সম্পর্কিত সব ধরনের আবেদন ও তথ্যও এই ওয়েবসাইটের মাধ্যমেই করা যাবে। নাগরিকদের সুবিধার জন্য ওয়েবসাইটে ধাপে ধাপে ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমে উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে রাজ্যের সমস্ত জেলার নামের তালিকা থেকে নিজের জেলার নাম নির্বাচন করতে হবে। এরপর খুলে যাবে সংশ্লিষ্ট জেলার বিধানসভা কেন্দ্রগুলির তালিকা।নিজের বিধানসভা এলাকার নাম বেছে নিলে পাওয়া যাবে পোলিং স্টেশন বা ভোটকেন্দ্র অনুযায়ী তালিকা।যেই কেন্দ্রের ভোটার তালিকা দেখতে চান, সেই কেন্দ্রের নাম বা নম্বরে ক্লিক করলেই খুলে যাবে ২০০২ সালের ভোটার তালিকা।






